ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্রীয় ক্ষমতা কিছু সময়ের জন্য কোনো বক্তব্য বা সময়কে নিষিদ্ধ করতে পারে, কিন্তু চিরদিনের জন্য জনগণের সম্মিলিত অনুভূতি ও ইতিহাসকে বন্দি করে রাখা সম্ভব নয়।
শুক্রবার (২১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সাংবাদিক ইমরুল কায়েস রচিত ‘তারেক রহমান: নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘মাতৃভাষা প্রকাশ’ অনুষ্ঠানটির আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, প্রকৃতি ও স্রষ্টার আইন যেমন নিজস্ব গতিতে চলে, জনগণের সম্মিলিত অনুভূতিও তেমনি নিজস্ব গতিতে চলে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চক্রান্ত তা কিছু সময়ের জন্য বাধাগ্রস্ত করতে পারে, কিন্তু স্থায়ীভাবে জনগণকে বিভ্রান্ত করা সম্ভব নয়।
তিনি বলেন, নিষিদ্ধ করার ক্ষমতার মধ্যে ঔদ্ধত্যের নেশা থাকতে পারে। তবে অনেক সময় নিষেধাজ্ঞার পরিণাম আরও ভয়াবহ হয়। ইতিহাসের বিভিন্ন সময়ে স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী শক্তি নানা যুক্তিতে নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করলেও জনগণের আকাঙ্ক্ষাকে দীর্ঘদিন দমন করে রাখতে পারেনি।
২০২৪ সালের ২৫ আগস্ট শেখ হাসিনার হেলিকপ্টারে দেশত্যাগের প্রসঙ্গ তুলে জহির উদ্দিন স্বপন বলেন, ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার কারণেই তাকে দেশের সীমানার বাইরে পালিয়ে যেতে হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, দেশের জন্য তিনি যে ঝুঁকি নিয়েছেন এবং পরিবার-পরিজন নিয়ে যে ত্যাগ স্বীকার করেছেন, তা জনগণের মধ্যে গণতন্ত্রের প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা বাড়িয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, বইটি পাঠকদের মধ্যে ইতিহাস সম্পর্কে সচেতনতা, রাজনৈতিক বিবেক ও গণতান্ত্রিক বোধ আরও জাগ্রত করবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ও অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু এবং বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী