নানা নাটকীয়তা, অঘটন ও বিতর্ক পেরিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপ এখন কোয়ার্টার ফাইনালে। ৪৮ দলের লড়াই শেষে শিরোপার দৌড়ে টিকে আছে মাত্র আটটি দল। ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার প্রতিনিধিদের নিয়ে জমে উঠেছে শেষ আটের সমীকরণ।
চলতি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে আসা আট দলের মধ্যে ছয়টিই ইউরোপের, যা ইউরোপের বাইরে অনুষ্ঠিত কোনো বিশ্বকাপে দীর্ঘদিন পর মহাদেশটির সবচেয়ে বড় আধিপত্যের নজির।
শেষ ষোলোর লড়াই শেষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, নরওয়ে ও সুইজারল্যান্ড। ইউরোপের বাইরে আয়োজিত বিশ্বকাপে ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপের পর এবারই প্রথম শেষ আটে ছয়টি ইউরোপীয় দল জায়গা করে নিল।
একসময় প্রচলিত ধারণা ছিল, ইউরোপের বাইরে আয়োজিত বিশ্বকাপে ইউরোপীয় দলগুলো সফল হতে পারে না। তবে সময়ের সঙ্গে সেই ধারণা বদলে গেছে। স্পেন ও জার্মানি আগেই ইউরোপের বাইরে বিশ্বকাপ জিতে সেই ধারণা ভেঙে দিয়েছে। এবার কোয়ার্টার ফাইনালেও ইউরোপের সংখ্যাগরিষ্ঠ উপস্থিতি সেই পরিবর্তনেরই আরেকটি প্রমাণ।
এবার শেষ আটে ইউরোপের বাইরে থেকে জায়গা করে নিয়েছে মাত্র দুটি দল—বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার প্রতিনিধিত্ব করা মরক্কো।
এদিকে শেষ ষোলোতে দেখা গেছে বেশ কিছু হাড্ডাহাড্ডি লড়াই। সবচেয়ে আলোচিত ম্যাচ ছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মিশরের দ্বৈরথ। শেষ ষোলোয় ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয়ে শেষ আট নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। তবে এই ম্যাচে রেফারিং নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে।
শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ১২০ মিনিটের লড়াইয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সুইসরা।
ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেনও দারুণ ছন্দে রয়েছে। শেষ ষোলোয় ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে নিজেদের অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে প্রতিষ্ঠা করেছে তারা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী বেলজিয়াম, যারা স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে।
ফ্রান্সও নিজেদের শিরোপার মিশন ধরে রেখেছে। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ২০২২ সালের রানার্সআপরা। এবার তাদের সামনে আফ্রিকার একমাত্র প্রতিনিধি মরক্কো। কানাডাকে ৩-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েই শেষ আটে উঠেছে মরক্কানরা।
অন্যদিকে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে নরওয়ে। আর্লিং হালান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করেছে তারা। কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ ইংল্যান্ড। শেষ ষোলোয় মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলের কঠিন জয় নিয়ে শেষ আট নিশ্চিত করেছে হ্যারি কেইনের ইংল্যান্ড।
চারটি কোয়ার্টার ফাইনালেই থাকছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। ইউরোপের আধিপত্যের সঙ্গে দক্ষিণ আমেরিকার শক্তি এবং আফ্রিকার স্বপ্ন—সব মিলিয়ে বিশ্বকাপের শিরোপা লড়াই এখন আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে।
কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):
৯ জুলাই (বৃহস্পতিবার)
ফ্রান্স বনাম মরক্কো
রাত ২:০০টা
ভেন্যু: জিলেট স্টেডিয়াম, ফক্সবরো
১০ জুলাই (শুক্রবার)
স্পেন বনাম বেলজিয়াম
রাত ১:০০টা
ভেন্যু: সোফাই স্টেডিয়াম, ইনগলউড
১১ জুলাই (শনিবার)
নরওয়ে বনাম ইংল্যান্ড
রাত ৩:০০টা
ভেন্যু: হার্ড রক স্টেডিয়াম, মায়ামি গার্ডেনস
১২ জুলাই (রোববার)
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড
সকাল ৭:০০টা
ভেন্যু: অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি।