Sunday 19 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / ফাইনালের আগে স্পেন শিবিরে বড় সুখবর

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ১৪:৫০

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরের বড় দুশ্চিন্তার অবসান হয়েছে। দলের অন্যতম ভরসা লামিনে ইয়ামালকে নিয়ে সব ধরনের শঙ্কা দূর করে দিয়েছেন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি জানিয়েছেন, আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য পুরোপুরি ফিট আছেন এই তরুণ ফরোয়ার্ড। একই সঙ্গে সুস্থ হয়ে উঠেছেন ডানপ্রান্তের ডিফেন্ডার পেদ্রো পোরোও।

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে লুকা দিনিয়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে পায়ে আঘাত পান ইয়ামাল। এরপরও পুরো ৯০ মিনিট খেলেছিলেন তিনি। তবে ম্যাচের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে পূর্ণ বিশ্রামে রাখা হয় এবং ফাইনালের আগে একটি অনুশীলন সেশনেও দলের সঙ্গে দেখা যায়নি। এতে তার ফাইনালে খেলা নিয়ে জোরালো শঙ্কা তৈরি হয়েছিল।

বিজ্ঞাপন

তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেই আশঙ্কা উড়িয়ে দেন স্প্যানিশ কোচ। দে লা ফুয়েন্তে জানান, ফ্রান্স ম্যাচে পাওয়া আঘাত গুরুতর ছিল না এবং চিকিৎসক দলের পর্যবেক্ষণে রেখে ইয়ামালকে শুধু বাড়তি বিশ্রাম দেওয়া হয়েছিল।

স্পেন কোচ বলেন, ‘পেনাল্টির ঠিক আগে লুকা দিনিয়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে পায়ে ব্যথা পেয়েছিল ইয়ামাল। তখন থেকেই কিছুটা অস্বস্তি ছিল, কিন্তু তারপরও সে পুরো ম্যাচ খেলেছে। ম্যাচের পর আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি, তাই তাকে আলাদা অনুশীলন করানো হয়েছে।’

তিনি আরও জানান, চিকিৎসক দলের সবুজ সংকেত পাওয়ার পর ইয়ামাল এখন সম্পূর্ণ সুস্থ। ‘সে এখন ঠিক আছে। শারীরিকভাবে কোনো সমস্যা নেই এবং ফাইনালের জন্য শতভাগ প্রস্তুত। চিকিৎসক দলের সঙ্গে কথা হয়েছে, সবকিছু ইতিবাচক।’

দে লা ফুয়েন্তে নিশ্চিত করেছেন, ইয়ামাল ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনেও ফিরেছেন। ফাইনালের আগে শেষ অনুশীলন সেশনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

শুধু ইয়ামালই নন, রাইটব্যাক পেদ্রো পোরোকেও নিয়ে স্বস্তির খবর পেয়েছে স্পেন। ফ্রান্সের বিপক্ষে পেশিতে টান লাগার কারণে ম্যাচের শেষ দিকে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। পরে তিনিও আলাদাভাবে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করেন। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ এবং ফাইনালের জন্য প্রস্তুত বলে জানিয়েছে স্প্যানিশ টিম ম্যানেজমেন্ট।

রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

জীবিকা ও বরকত বৃদ্ধির উপায়
১৯ জুলাই ২০২৬ ১৯:৫৮

আরো

সম্পর্কিত খবর