ফুটবল বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে যখন আলোকোজ্জ্বল হয়ে উঠেছিল মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম, ঠিক তখনই স্টেডিয়ামের বাইরে চলছিল বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষ। একদিকে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের উৎসব, অন্যদিকে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা—দুই ভিন্ন বাস্তবতার মধ্য দিয়েই শুরু হহয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ।
বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকার। ম্যাচ শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে অনুষ্ঠিত হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। রঙিন আলোকসজ্জা, মেক্সিকোর সংস্কৃতি ও ঐতিহ্যের মনোমুগ্ধকর উপস্থাপনা এবং বিশ্বখ্যাত শিল্পীদের পরিবেশনায় মুখর ছিল পুরো স্টেডিয়াম। অনুষ্ঠানে জনপ্রিয় পপ তারকা শাকিরার অংশগ্রহণ দর্শকদের বাড়তি উচ্ছ্বাস এনে দেয়।
তবে উৎসবের আবহের বাইরে রাজধানীজুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ৮২ হাজার দর্শক ধারণক্ষমতার আজতেকা স্টেডিয়াম ঘিরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। মেক্সিকো সিটির নাগরিক নিরাপত্তা সচিবালয়ের তথ্য অনুযায়ী, ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে প্রায় ২০০ মুখোশধারী বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ।
এ ঘটনায় ২৮ বছর বয়সী এক নারীকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি বিক্ষোভের কারণে শহরের কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখতে হয় বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শহরের একটি ফ্যান জোনেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
এসব ঘটনার মধ্যেও অধিকাংশ দর্শক বড় ধরনের কোনো বিঘ্ন ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে সক্ষম হয়েছেন। নিরাপত্তা বিবেচনায় ম্যাচ শুরুর অনেক আগেই সমর্থকদের স্টেডিয়ামে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছিল।