মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত একটা টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪১৩ রান তুলে পাকিস্তানকে ৩৮৬ রানে আটকে রেখে পরে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। যাতে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ লিড পায় ২৬৮ রান। টেস্টের পঞ্চম দিনের শেষ বিকেলে নাহিদ রানা আগুনঝড়া এক স্পেল করে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন।
শেষ বিকেলে টানা পাঁচ ওভার বোলিং করে ৪ উইকেট তুলে নেন নাহিদ। সব মিলিয়ে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটা টানা তৃতীয় টেস্ট জয়। এর আগে ২০০৪ সালে পাকিস্তান গিয়ে দুটি টেস্ট জিতে এসেছিল টাইগাররা। দুর্দান্ত এই টেস্ট জয়ে বেশকিছু রেকর্ড হয়েছে-
• তৃতীয় দল হিসেবে পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জিতল বাংলাদেশ। এর আগে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে টানা তিন বা তার বেশি টেস্ট জিতেছিল বাংলাদেশ।
• আজ ৪০ রানে ৫ উইকেট নিয়েছেন নাহিদ রানা। ১১ টেস্টের ক্যারিয়ারে নাহিদ রানার সেরা বোলিং এটা। আগের সেরা ছিল ৫/৬১।
• টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ৫ উইকেট পেলেন নাহিদ রানা। আগের সেরা তাসকিন আহমেদের (৪/৩৭)।
• নাহিদ রানার ৪০ রানে ৫ উইকেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিং। আগের সেরা হাসান মাহমুদের (৫/৪৩), ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে।
• তৃতীয়বার টেস্টের দুই ইনিংসেই ৮০ ছাড়ালেন নাজমুল। বাংলাদেশের আরও কারও দুবার নেই এই কীর্তি।
• বাংলাদেশ জিতেছে, এমন টেস্টে অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি রান এখন নাজমুলের (৫২০)। পেছনে পড়েছেন মুশফিকুর রহিম (৪৫৮)।