Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাড়িচাপায় প্রাণ গেল মায়ের, হাসপাতালে এক বছরের মেয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৪ ২২:২০ | আপডেট: ১২ জুলাই ২০২৪ ২২:৩০

গাজীপুর: গাজীপুর মহানগরীর টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (২৩) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীর সঙ্গে থাকা এক বছর বয়সী কন্যা শিশু গুরুতর আহত হয়েছে। তার মাথায় আঘাত লেগেছে।

শুক্রবার (১২ জুলাই) সকাল নয়টার দিকে বিআরটি প্রকল্পের টঙ্গী স্টেশন রোড এলাকার উড়াল সেতুতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে একটি বাসে বিআরটি প্রকল্পের টঙ্গী স্টেশন রোড এলাকায় পৌঁছান ওই নারী। এসময় সেতু পারাপার হতে গেলে একটি অজ্ঞাত গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনায় ওই নারীর শরীর থেতলে যায়। পরে পথচারীরা ওই নারীর লাশের পাশ থেকে তার কন্যা শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, নিহতের পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) একদল আঙ্গুলের ছাপ নেওয়ার চেষ্টা করেছেন। পুরো দেহ থেতলে যাওয়ায় আঙ্গুলের ছাপ নেওয়া সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেয়া শেষে পুলিশ হেফাজতে রাখা হবে।

সারাবাংলা/এনইউ