সাত দশকেরও বেশি সময়ের ইতিহাসে এবারই প্রথম বিশ্বমঞ্চের মর্যাদাপূর্ণ ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাওয়া জমকালো এই প্রতিযোগিতার ৭৫তম আসরে দেশটির প্রতিনিধিত্ব করবেন আনিকা মেরাজ। সম্প্রতি ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’ খেতাব অর্জন করে এই অবিস্মরণীয় মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
সম্প্রতি লাহোরের ঐতিহ্যবাহী ফালেট্টিস হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আনিকার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেওয়া হয়। মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২ ড. শাফাক আখতার এবং মিস্টার পাকিস্তান ওয়ার্ল্ড আত্তাউল্লাহ গুজ্জর আনুষ্ঠানিকভাবে তাকে এই মুকুটে ভূষিত করেন।
২৪ বছর বয়সী আনিকা মেরাজ কেবল রূপেই অনন্য নন, পড়াশোনাতেও বেশ মেধাবী। ইতিমধ্যে তিনি ব্যবসা ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর স্তরে অধ্যয়ন করছেন। মিস ওয়ার্ল্ড-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বক্তব্যে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন আনিকা। তিনি জানান, ভবিষ্যতে রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্বপ্ন দেখার পাশাপাশি শিশুদের অধিকার রক্ষা এবং মেয়েদের শিক্ষার উন্নয়নে কাজ করতে চান।
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতির মঞ্চে আনিকার পূর্ব অভিজ্ঞতাও বেশ সমৃদ্ধ। এর আগে তিনি মিস আর্থ, মিস গ্লোবাল, মিস কসমো, মিস ইকো ইন্টারন্যাশনাল এবং মিস অরা ইন্টারন্যাশনালের মতো নামী প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া কসোভোয় অনুষ্ঠিত ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি চারটি মর্যাদাপূর্ণ শিরোপা নিজের ঝুলিতে পুরেছেন।
বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের এই মহোৎসবে এবারের ৭৫তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। বৈশ্বিক এই প্রতিযোগিতার মঞ্চে আনিকা মেরাজ ও সামানজার সাঈদের মতো দক্ষিণ এশিয়ার তরুণীরা নিজেদের কতটা মেলে ধরতে পারেন, এখন সেটাই দেখার অপেক্ষায় বিশ্ববাসী।