Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অসুস্থ গাভি জবাই করে মাংস বিক্রি, জরিমানা ৫০ হাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৪ ২২:৪৬

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় অসুস্থ গাভি জবাই করে মাংস বিক্রির অপরাধে ডালিম মিয়া নামে এক কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় প্রায় দুই মণের বেশি অস্বাস্থ্যকর মাংস জব্দ করা হয়।

সোমবার (১ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে এ অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, সকালে একটি ফোন কল মারফত জানতে পারি, ডিঙ্গেদহ বাজারে কিছু কসাই একটা অসুস্থ গাভি জবাই করে এনে মাংস বিক্রি করছেন।

এমন সংবাদের ভিত্তিতে দুপুর পৌনে ১২টার দিকে ডিঙ্গেদহ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমানও সেখানে উপস্থিত হন। ঘটনাস্থলে যাওয়া মাত্র ডালিম মিয়া নামে একজন কসাই দৌঁড়ে পালিয়ে যান। পরে কসাই খোকন মিয়া ও সুজন মিয়াকে মাংস বিক্রিকালে পাওয়া যায়।

বিজ্ঞাপন

মাংস ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তারা স্বীকার করেন যে, একটি অসুস্থ গাভি নিজেরাই জবাই করে বিক্রির জন্য নিয়ে এসেছেন।

ওই অপরাধে কসাই ডালিম মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় দুই মণের অধিক অস্বাস্থ্যকর মাংস জব্দ করে বাজার কমিটির সহায়তায় জনসম্মুখে কেরোসিন তেল দিয়ে ও মাটিতে পুঁতে ফেলে নষ্ট করা হয়। অভিযানে ডা. মোস্তাফিজুর রহমান সহযোগিতা করেন।

সারাবাংলা/এনইউ