Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাংবাদিক কনক ও আইনজীবী মহসীনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৪ ১৭:১৫ | আপডেট: ২৬ জুন ২০২৪ ২০:০৭

ঢাকা: প্রবাসী সাংবাদিক কনক সরওয়ার ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহসীন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা হয়েছে। আগামী ৪ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

বুধবার (২৬ জুন) বিচারপতি শাহিনুর ইসলামের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরীর করা আদালত অবমাননার আবেদনটি উপস্থাপন করা হলে আগামী ৪ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য এ দিন নির্ধারণ করা হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তাপস কান্তি বল।

পরে তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চৌধুরী মুঈনুদ্দীকে যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের বিরুদ্ধে মানহানি মামলা করার সুযোগ দিয়ে সম্প্রতি রায় দিয়েছে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট।

বিজ্ঞাপন

এই রায় নিয়ে গত ২১ জুন প্রবাসী সাংবাদিক কনক সরওয়ার পরিচালিত টকশোতে সুপ্রিম কোর্টের আইনজীবী মহসীন রশিদ বাংলাদেশের আদালত ও বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। এমন অভিযোগে শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী আদালত অবমাননার একটি আবেদন করেন। আজ বিচারপতি শাহিনুর ইসলামের চেম্বার আদালতে আবেদনটি উপস্থাপন করা হলে এ বিষয়ে আগামী ৪ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চৌধুরী মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে ২০১৯ সালে মুঈনুদ্দীনের ফৌজদারি অপরাধের বিবরণসহ একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল সেই প্রতিবেদন তখনকার টুইটার (বর্তমানে এক্স) হ্যান্ডলে শেয়ার করেন। তবে নিজেকে ‘নির্দোষ’ দাবি করে ‘যুদ্ধাপরাধী’ বলায় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিরুদ্ধে হাইকোর্টে মানহানি মামলার আবেদন করে মুঈনুদ্দীন। পরে তা দুই দফায় খারিজ হলেও সুপ্রিম কোর্টে ফের মামলা করার আবেদন করলে গত ২০ জুন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট মুঈনুদ্দীনকে মামলা করার সুযোগ দিয়ে রায় দেয়।

সম্প্রতি এই রায়ের অনুলিপি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এরপর এ বিষয়ে প্রবাসী সাংবাদিক কনক সরওয়ার পরিচালিত টকশোতে সুপ্রিম কোর্টের আইনজীবী মহসীন রশিদ বাংলাদেশের আদালত ও বিচারব্যবস্থা নিয়ে বক্তব্য দিয়েছেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ