Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জয়পুরহাটে হত্যা মামলায় বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৪ ১৫:১৩

জয়পুরহাট: জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে সাইদুল হত্যা মামলায় বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

জেলা জজ আদালতের সরকারি সহকারি কৌশলী আবু নাছিম মো. শামীমুল ইমাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কালাই উপজেলার আওড়া কালিমোহর গ্রামের মৃত তফিজ উদ্দীনের ছেলে জয়নাল মন্ডল, মোজাম্মেল হক ও মোফাজ্জল হোসেন, মোফাজ্জলের ছেলে মোস্তফা ও মোসফর আলী, মোজাম্মেলের ছেলে মাহফুজার ও মাসুদ, বাদশার ছেলে মামুনুর রশীদ, মৃত লসির উদ্দীনের ছেলে সামসুদ্দিন ও আলমগীরের ছেলে বেলাল।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা গেছে, কালাই উপজেলার আওড়া কালিমোহর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ ও জয়নাল মন্ডলের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই সম্পত্তির দখলদার হিসেবে সামাদ মুরগির সেড করে ব্যবসা করেন। ২০১৫ সালের ৫ জুলাই জয়নালরা ওই সম্পত্তিতে গিয়ে মাটি কাটেন। তখন সামাদের দুই ছেলে সাইদুল ও শরীফুল তাদের বাঁধা দিলে আসামিরা সাইদুল ও শরীফুলকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার। এরপর ১৪ জুলাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাইদুল মারা যান। এ ঘটনায় নিহতের বাবা সামাদ বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করলে শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো