Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক সাব্বিরের ওপর হামলায় ইউডিজেএফবি’র নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৪ ১৫:৫৭ | আপডেট: ২৩ মার্চ ২০২৪ ১৬:১৩

ঢাকা: দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক এবং নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সদস্য সাব্বির আহমেদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশ (ইউডিজেএফবি)।

শনিবার (২৩ মার্চ) সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক ফয়সাল খান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে নেতারা বলেন, সাব্বির আহমেদ একজন পেশাদার সাংবাদিক ও তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী। গণমাধ্যমের খবর তার সহপাঠীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় ডিপার্টমেন্টের সাবেক শিক্ষার্থীদের ইফতার মাহফিল থেকে অফিসে যাওয়ার পথে তিতুমীর কলেজের আক্কাছুর রহমান আঁখি হলের সামনের প্রধান সড়কে সাব্বিরের ওপর হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লের নেতৃত্বে কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক এস এম ইমরুল রুদ্রসহ ১০-১৫ জন মিলে হত্যার উদ্দেশে লোহার রড ও লাঠিসোটা দিয়ে তার ওপর হামলা করা হয়। এতে তার পিঠ, ঘাড়, হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়েছে। হামলাকারীরা তাকে জানে মেরে ফেলা হবে বলে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।

নেতৃদ্বয় আরও বলেন, সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়াকে কেন্দ্র করে হত্যার উদ্দ্যেশে কাপুরিষচিত এ হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। বিভিন্ন গণমাধ্যমে এ হামলার জন্য শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের নাম এসেছে। তাদের একজনকে এরইমধ্যে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাব্বির আহমেদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ ও কলেজ প্রশাসন কোনভাবে দায় এড়াতে পারে না। ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন হিসাবে ছাত্রলীগ তার ভাবমূর্তি ফেরাতে তদন্ত ও শুদ্ধিঅভিযান করে মূল হোতাদের স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।

অভিযুক্তদের কলেজ থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের মাধ্যমে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করতে হবে।

সারাবাংলা/আরএফ/এনইউ
বিজ্ঞাপন

আরো