Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতারের সাবেক আমির স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ২৩:৪০

জাতীয় সংসদে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে রাজধানী ঢাকার একটি উপযুক্ত সড়কের নামকরণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের আনা কাতারের সাবেক আমিরের নামে ঢাকার একটি সড়কের নামকরণ সম্পর্কিত এক বিশেষ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী জানান, এই নির্দেশনা এরই মধ্যে ঢাকা সিটি করপোরেশনকে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সম্মানিত বিরোধী দলের নেতা যে প্রস্তাবনাটি সংসদে উপস্থাপন করেছেন, সেই প্রেক্ষিতে তিনি গতকালই ঢাকা সিটি করপোরেশনে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে সেটিকে মরহুমের নামে নামকরণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়কে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করেছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সংসদে আজ বিরোধীদলীয় নেতা এই গুরুত্বপূর্ণ বিষয়টি সবার সামনে উপস্থাপন করার জন্য তিনি সরকারের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে কাতারের প্রয়াত সাবেক আমিরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী বলেন, ‘মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি সম্মান প্রদর্শন করার মাধ্যমে মূলত কাতারের বন্ধুভাবাপন্ন জনগণের প্রতিই গভীর সম্মান প্রদর্শন করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কাতার এমন একটি অকৃত্রিম বন্ধু দেশ যারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে এবং দেশের সার্বিক অগ্রযাত্রায় সবসময় নানাভাবে সহযোগিতা করেছে এবং বর্তমানেও সেই ধারা অব্যাহত রেখেছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘কাতারের মাটিতে লাখ লাখ প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার মাধ্যমে কাতার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যাত্রাতেও অন্যতম অংশীদার হিসেবে ভূমিকা রাখছে।’

তিনি আরও বলেন, ‘শুধু তাই নয়, এর আগে যখন মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালি নিয়ে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং কাতার নিজেও বিভিন্নভাবে সংকটে আক্রান্ত হয়েছিল। তখনও সেখানে থাকা আমাদের লাখ লাখ প্রবাসী বাংলাদেশিকে তারা নিজেদের দেশের নাগরিকদের মতোই অত্যন্ত যত্ন সহকারে দেখভাল করেছে ও তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই সমস্ত পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ বিষয় বিবেচনা করেই আজ বাংলাদেশে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং একই সঙ্গে বুধবার জাতীয় পতাকাকে অর্ধনমিত রাখা হয়েছে।’

উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি সম্প্রতি মৃত্যুবরণ করেছেন এবং গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে কাতারের বর্তমান আমিরের দফতর থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

প্রয়াত সাবেক আমিরের মৃত্যুতে বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালনসহ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে কাতারের দোহায় অবস্থান করছেন। শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ সাল থেকে শুরু করে ২০১৩ সাল পর্যন্ত দীর্ঘ সময় কাতারের আমির হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর