পাথরঘাটা (বরগুনা): বরগুনার বামনায় সড়ক দুর্ঘটনায় মোসা. আকলিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকা-পাথরঘাটা মহাসড়কের কাকচিড়ার গুদিঘাটায় গাড়ি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আকলিমা বেগম উপজেলার ডৌয়াতলা গ্রামের দুবাই প্রবাসী আলী আকবর খানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে চারটি অটোরিকশায় ডৌয়াতলা ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বরগুনার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে তাদের অটোরিকশাটি পাথরঘাটা উপজেলার গুদিঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি পার্শ্ববর্তী মাঠে উল্টে পড়ে যায়। আহতদের বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গৃহবধূ আকলিমা বেগমকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল বলেন, বামনা হাসপাতালে মরদেহ নিয়ে আসার পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সংগ্রহ করেছি।