ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় একটি হাসপাতাল থেকে কয়েকটি মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য তদন্ত সংস্থার কাছে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত প্রায় ১ হাজার ৪০০ শহিদের প্রত্যেকের পরিচয় শনাক্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতাল থেকে মরদেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, তদন্ত সংস্থা এরই মধ্যে ঢাকা, মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় জুলাই আন্দোলনে নিহতদের একাধিক গণকবরের সন্ধান পেয়েছে।
আমিনুল ইসলাম দাবি করেন, জাতিসংঘের প্রকাশিত নিহতের সংখ্যার তুলনায় প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। সেই সম্ভাবনা যাচাই এবং প্রকৃত তথ্য উদঘাটনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কাজ করে যাচ্ছে।