ঢাকা: চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের সময় ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। একইসঙ্গে আগামী ৬ আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্য ছিলেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় বর্তমানে গ্রেফতার রয়েছেন পাঁচ আসামি। তারা হলেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু। আদালতে উপস্থিত আসামিদের বিরুদ্ধে অভিযোগ পাঠ করে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। তবে অসুস্থতার কারণে ফজলে করিম চৌধুরীকে অ্যাম্বুলেন্সের স্ট্রেচারে করে ট্রাইব্যুনালে আনা হয়।
আদালত অভিযোগ গঠনের আদেশ দেওয়ার পাশাপাশি আগামী ৬ আগস্ট রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্যগ্রহণ শুরু করার নির্দেশ দেন।
এ মামলায় পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ. জ. ম. নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু সালেক, এসবারুল হক, এইচ. এম. মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।
শুনানিতে রাষ্ট্রপক্ষের নেতৃত্ব দেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আবদুল কাইয়ুম এবং রাষ্ট্রনিযুক্ত ডিফেন্স আইনজীবীরা।
এর আগে টানা তিন কার্যদিবস ধরে অভিযোগ গঠনের বিরোধিতা করে আসামিপক্ষ শুনানি পরিচালনা করে। তাদের দাবি ছিল, মামলায় অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদান নেই এবং পলাতক আসামিদেরও অব্যাহতি দেওয়া উচিত। তবে গত ২২ জুন প্রসিকিউশন প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তি রয়েছে উল্লেখ করে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানায়।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল ট্রাইব্যুনাল তিনটি অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। এর আগে ৫ এপ্রিল প্রসিকিউশন মামলার ফরমাল চার্জ দাখিল করে।
মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্রকে হত্যার অভিযোগ রয়েছে। তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আসিয়া খাতুন, সানজিদা সুলতানা, আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগ উল্লেখ করা হয়েছে।