ঢাকা: জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ পাস হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
পরে বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে উল্লেখ করে জানানো হয়েছে, এই আইনটি পাসের মাধ্যমে ২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ বাতিল করা হয়েছে, যা আগে গেজেটভুক্ত হলেও কখনোই কার্যকর করা সম্ভব হয়নি।
বিলে উল্লেখ করা হয়েছে, আগের পরিকল্পনা অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে এখন একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। নতুন এই প্রতিষ্ঠানে বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি, জীববিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞানের মতো বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা ও গবেষণার সুযোগ থাকবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বগুড়ায় উচ্চশিক্ষার প্রসারে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অ্যাকাডেমিক প্রস্তুতি কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।