Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক-মহাসড়ক থেকে বিঘ্ন সৃষ্টিকারী হাট-বাজার সরানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৪ ১৮:০৪

ঢাকা: সড়ক-মহাসড়ক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হাটবাজার ও অবৈধ পার্কিং সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালযয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিটে সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম সরোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

বিজ্ঞাপন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত ২০ দশমিক ৫০ কিলোমিটার পথে বিআরটি প্রকল্পটি শুরু হয় ২০১২ সালে। ২০১৬ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা। কিন্তু ১১ বছরেও সে প্রকল্প শেষ হয়নি। কয়েক দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। চলতি বছরের জুনে এই প্রকল্প শেষ করার কথা বলছে সরকার। নির্দিষ্ট সময়ে এই বিআরটি প্রকল্প শেষ না করার নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্ট জনস্বার্থে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম বদরুল ইসলাম।

আইনজীবী এম সরোয়ার হোসেন কালের কণ্ঠকে বেলন, ‘এ রিটের শুনানির সময় আদালত সড়ক-মহাসড়কের শৃঙ্খলা, অব্যবস্থাপনা নিয়ে সম্পূরক আবেদন দিতে বলেন। সে অনুযায়ী সড়ক-মহাসড়ক থেকে হাটবাজার, অবৈধ পার্কিং সরানোর জন্য সম্পূরক আবেদন করা হয়। শুনানির পর রুলসহ আদেশ দিয়েছেন উচ্চ আদালত।’

রুলে বিআরটি প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব হিসেবে গাজীপুর-ময়মনসিংহ মহাসড়ক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হাটবাজার সরাতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন জনস্বার্থবিরোধী, আইনের লঙ্ঘন এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে।

এছাড়া অবিলম্বে গাজীপুরের চারটি পয়েন্ট থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিআরটি প্রকল্পের সরঞ্জাম, অস্বাভাবিক আবর্জনা, অননুমোদিত যানবাহন অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিআরটি প্রকল্পের প্রকল্প পরিচালককে এ নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এনএস