সারা দেশে এক সপ্তাহের বেশি সময় ধরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মূলত গত ৫ জুলাই থেকে বাংলাদেশে ব্যাপক বৃষ্টি শুরু হয়। এবার নিম্নচাপের পাশাপাশি এত বৃষ্টির আরেকটি কারণ ছিল মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থান। মৌসুমি বায়ু এবার স্বাভাবিকের চেয়ে অন্তত সাত দিন পরে এসেছে। ফলে জুন মাসে কম বৃষ্টি হলেও জুলাইয়ের প্রথম দিকেই মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠে। জুলাইয়ের ১১ দিনে মোট বৃষ্টির ৭৫ শতাংশ হয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর এতেই দেশের কয়েকটি জেলা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আকস্মিক এই বন্যায় এ পর্যন্ত ৫৬ জন মানুষ প্রাণ হারিয়েছে। এবারের ভারী বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেয়। এই বন্যা পরিস্থিতির সরেজমিন চিত্র ফ্রেমবন্দি করে এনেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।