Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / সেমিফাইনাল হেরে রেফারিকে দুষলেন ফ্রান্স কোচ

ক্রীড়া ডেস্ক
১৫ জুলাই ২০২৬ ০৮:৪৭

টানা তৃতীয়বার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার পর ‘বিধ্বস্ত’ ফ্রান্স। ফরাসি কোচ দিদিয়ের দেশম ম্যাচ শেষে এল সালভাদর রেফারি ইভান বার্টনের সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ জানিয়েছেন।

৬ ম্যাচে ১৬ গোল করে সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। কিন্তু দুই অর্ধে দুটি গোল হজম করে তারা। স্প্যানিশ দাপটে ম্যাচ হেরে বিদায় নিলো লে ব্লুরা। বিশ্বকাপে তারা শেষ ম্যাচ খেলবে তৃতীয় স্থান নির্ধারণীতে।

হ্যাটট্রিক ফাইনালে উঠতে না পারায় হতাশা প্রকাশ করলেন কোচ দেশম, ‘অবশ্যই, অনেক হতাশা রয়েছে। খেলোয়াড়রা বিধ্বস্ত কারণ আমাদের অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল। যদিও আমাদের বাস্তববাদী হয়ে এটাও স্বীকার করতে হবে যে, আমরা এমন একটি দলের বিপক্ষে আজ কারিগরি দক্ষতায় কিছুটা পিছিয়ে ছিলাম, যারা খেলা ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু সবার প্রথমে এটা আমাদের দোষ। আমি কাউকে দোষারোপ করতে চাই না।’

বিজ্ঞাপন

এরপর রেফারি বার্টনের দিকে আঙুল তুললেন কোচ। প্রথমার্ধে বক্সের মধ্যে লামিন ইয়ামালকে ফাউল করেন লুকাস দিনিয়ে। পেনাল্টি পায় স্পেন। দেশম সেই সিদ্ধান্তকে বিতর্কিত বললেন, ‘আমি একটা জটিল প্রশ্ন করব এবং এর উত্তর দেবো না। একটি বিশ্বকাপ সেমিফাইনাল পরিচালনা করতে যে মান প্রয়োজন, তা কি ছিল রেফারির?’

সুস্পষ্ট না করেই তিনি বলে গেলেন, ‘আজ আমরা হারলাম বলে এই কথা বলছি না। বেশ কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল। তাদের (স্পেন) পক্ষেও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর