চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ব্যাংকের এটিএম কার্ড চুরি করে এটিএম বুথ থেকে টাকা তোলাার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি তিন দফায় কার্ড দিয়ে ৬০ হাজার টাকা তুলে নিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার ডেবার পাড় এলাকার কাগতিয়া থ্রি স্টার কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বদিউজ্জামান বুলবুল (২৩) দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার মহিষমারী গ্রামের বাসিন্দা।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা সারাবাংলাকে জানান, গত ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে কোনো একটি সময় বুলবুল তার প্রতিবেশীর বাসায় ঢুকে মানিব্যাগ থেকে এটিএম কার্ড চুরি করে নেন। এরপর ওই কার্ড দিয়ে তিনি এটিএম বুথ থেকে ২০ হাজার টাকা করে পরপর তিন বারে ৬০ হাজার টাকা তুলে নেন। টাকা তোলার সঙ্গে সঙ্গেই ভিকটিমের মোবাইলে মেসেজ চলে যায়। এরপর তিনি ব্যাংকে যোগাযোগ করে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেন।
পুলিশের এ কর্মকর্তা জানান, অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে বুলবুলকে গ্রেফতার করে। টাকা তোলার পর তিনি এটিএম কার্ডটি ভেঙে ফেলেছিলেন।
বুলবুল বায়েজিল স্টিলে শ্রমিক হিসেবে কাজ করেন বলে পুলিশকে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।