Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিজ্ঞদের বিদায়ে আইনাঙ্গনে তৈরি হচ্ছে শূন্যতা: অ্যাটর্নি জেনারেল

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ২৩:৩৭

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

ঢাকা: অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, একের পর এক অভিজ্ঞ বিচারপতি অবসরে যাচ্ছেন এবং প্রবীণ আইনজীবীদের মৃত্যুর কারণে দেশের বিচার বিভাগ ও আইনাঙ্গনে দক্ষ জনবলের শূন্যতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিরা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ আইনাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, দেশের আইনাঙ্গন ইতোমধ্যে খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ, বিচারপতি টি.এইচ. খান এবং সর্বশেষ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মতো প্রখ্যাত আইনজীবীদের হারিয়েছে। তাদের অভিজ্ঞতা ও মেধার সমমানের নতুন আইনজীবী গড়ে তোলা যাচ্ছে না, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।

তিনি বলেন, বর্তমান প্রজন্মের অনেক তরুণ আইনজীবীর মধ্যে অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার ঘাটতি দেখা যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে বিচার বিভাগে আরও বড় সংকট তৈরি হতে পারে। তাই দক্ষ, সৎ ও মেধাবী আইনজীবী তৈরিতে এখন থেকেই পরিকল্পিত উদ্যোগ নিতে হবে।

ব্যারিস্টার কাজল জানান, বার কাউন্সিলের সাম্প্রতিক আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়নের মাধ্যমে প্রকৃত মেধাবীদের পেশায় আকৃষ্ট করার চেষ্টা করা হয়েছে। তাঁর মতে, আইন পেশায় সফল হতে হলে সততা, জ্ঞানচর্চা ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। কিন্তু বর্তমানে অনেকেই শর্টকাট পথে অর্থবিত্ত অর্জনের প্রতি বেশি আগ্রহী হয়ে পড়ছেন, যা এই পেশার জন্য ইতিবাচক নয়।

প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আগামী দিনের জন্য সৎ, যোগ্য ও মেধাবী আইনজীবী এবং বিচারক তৈরিতে বার ও বেঞ্চকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, আইন পেশার শুরুর দিকে যেসব বিচারপতির সামনে তিনি মামলা পরিচালনা করেছেন, তাদের নীতি-নৈতিকতা, প্রজ্ঞা ও বিচারিক মান আজ অনেকটাই দুর্লভ হয়ে উঠেছে। বার ও বেঞ্চ উভয় ক্ষেত্রেই মেধার ঘাটতি কাটিয়ে উঠতে এখনই দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে।

সারাবাংলা/টিএম/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর