Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি ডে-কেয়ার সেন্টারে শিশুর অস্বাভাবিক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৩ ০৯:৫২ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ১০:৩৪

ঢাকা: রাজধানীর আজিমপুর নিম্নবিত্ত শিশু দিবাযত্ন কেন্দ্র নামে সরকারি ডে-কেয়ার সেন্টারে উম্মে আলিভা নামের ১১ মাসের এক মেয়ে শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

মুমূর্ষ অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বুধবার (২০ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

শিশুটির মা ইসমত আরা বলেন, তাদের বাসা লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডে। তিনি পরিবার পরিকল্পনার সিনিয়র স্টাফ নার্স। তার এক ছেলে ও এক মেয়ে। গত সেপ্টেম্বর মাস থেকে বড় ছেলে আল আরাভী ও মেয়ে আলিভাকে আজিমপুর ডে-কেয়ার সেন্টারে রেখে কাজে যায়। আজকে দুপুরে মিম নামে এক শিক্ষিকা ফোন দিয়ে বলে মেয়ে অসুস্থ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। পরে ঢাকা মেডিকেলে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই।

বিজ্ঞাপন

মা ইসমত আরা বলেন, ‘মেয়ের মাথায় ও দুই চোখের উপড়ে আঘাত রয়েছে। তাকে হত্যা করা হয়েছে।’

শিশুটির বাবা আল আমিন তালুকদার বলেন, ‘বড় ছেলে আরাভীকে আনতে আজিমপুরের ডে-কেয়ার সেন্টারে যাই। সেখানের কর্মকর্তারা জানায়, বাথরুমের বালতির পানিতে পরে গিয়েছিল। আবার বলে অসুস্থ হয়ে পড়ে ছিল। তাদের কথায় গড়মিল রয়েছে। আমার মেয়ের মৃত্যুর বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আজিমপুর থেকে এক শিশুকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজিমপুর ডে-কেয়ারের কর্মকর্তারা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তারা জানিয়েছিল শিশুটি বালতির পানিতে পড়ে গিয়েছিল।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হেলাল উদ্দিন জানান, আজিমপুর নিম্নবিত্ত শিশু দিবাযত্ন কেন্দ্র নামে ওই ডে কেয়ার সেন্টারে শিশুর মৃত্যুর বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে যতটুক বোঝা যাচ্ছে অবহেলার কারণে শিশুর মৃত্যু হয়েছে। সেখান থেকে জানতে পেরেছি বালতির পানিতে পড়ে গিয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এনএস