ঢাকা: গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা ১৬ মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক নাসির উদ্দিন আহমেদ অসীমসহ আট আইনজীবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করেন আদালত। এ সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
জামিন পাওয়া অন্য আইনজীবীরা হলেন- নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন, ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আইনজীভী রুনা লায়লা, আইনজীবী আনোয়ার হোসেন প্রধান, রাকিবুর রহমান সাগর, মোহাম্মদ সারোয়ার হোসেন সাকিফ, মো. মাসুম খান রাজেশ ও মোহাম্মদ আলম খান।
রোববার (১৭ ডিসেম্বর) বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করে জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী কায়সার কামাল ও আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান।
পরে আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান জানান, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় এবং নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় করা ১৬টি মামলায় নাসির উদ্দিন আহমেদ অসীম, শাখাওয়াত হোসেনসহ আট জন আইনজীবী আদালতে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ১৮ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছেন।