বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘বান্দরবান টানেল পর্যটকদের জন্য একটা দর্শনীয় স্থান হিসাবে পরিণত হবে, এই টানেলের ভিতরে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও বান্দরবানের উন্নয়নের ইতিহাস তুলে ধরে চিত্রাঙ্কণ করা হবে। এতে পর্যটক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ইতিহাস সম্পর্কে জানতে পারবে।’
শুক্রবার (২৭ অক্টোবর) সকালে বান্দরবান টানেল উদ্বোধনকালে বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন চোখে পড়ার মতো, যা বলে শেষ করা যাবে না। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার কারণে আজ পাহাড়ের মানুষের আর্থসামাজিক মান বৃদ্ধি পেয়েছে। পর্যটকরাও এখানে এসে মুগ্ধ হচ্ছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আগামীতেও এ উন্নয়ন অব্যহত থাকবে।’

এর আগে, সকালে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১১ কোটি টাকা ব্যয়ে বান্দরবান টানেল নির্মাণ, ১ কোটি টাকা ব্যয়ে রুমা বাস স্টেশন নির্মাণ ও পার্বত্য জেলা পরিষদের ১৪ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়।
এসময় বান্দরবান পৌরসভার মেয়র মো. শামসুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।