ঢাকা: আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের উদ্যোগে নয় দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহরাজ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর স্বামীবাগ মন্দিরে বৈদিক মন্ত্র উচ্চারণ ও অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে।
রথযাত্রা উপলক্ষ্যে এদিন বিকাল ৩টায় স্বামীবাগ মন্দির থেকে জগন্নাথদেবের রথ বের করা হবে। রথটি জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর ও শহীদ মিনার হয়ে সন্ধ্যা ৭টার দিকে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছাবে।
এছাড়া, আগামী ২৪ জুলাই শ্রীশ্রী জগন্নাথদেবের উলটো রথযাত্রা ঢাকেশ্বরী মন্দির থেকে একই পথে স্বামীবাগ মন্দিরে ফিরে আসবে।
ইসকন বাংলাদেশের তথ্য অনুযায়ী, ভারতের ওড়িশার পুরীর পর এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। এ বছর সারাদেশে ইসকনের উদ্যোগে ১২৮টি রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে এবং পুলিশের পাশাপাশি পাঁচশ নিজস্ব স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে সবাইকে এই আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।