Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িল লেককে মডেল লেক করতে চান মেয়র আতিক

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৩ ১৫:৫৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৭:১৮

ঢাকা: রাজধানীর কুড়িল লেককে একটি আদর্শ লেকে পরিণত করার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এই লেকে সবার জন্য মাছ ধরার সুযোগ থাকবে বলে জানান তিনি। তবে শুধু কুড়িল লেক নয়, পর্যায়ক্রমে গুলশান, বনানী ও বারিধারা লেকেও মাছ চাষ করা হবে বলে জানিয়েছেন মেয়র।

রোববার (২২ অক্টোবর) রাজধানীর উত্তর সিটি করপোরেশন এলাকার কুড়িল লেকে দেশীয় নানা প্রজাতির মাছের পোনা ছাড়া অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র আতিক। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে কুড়িল লেকে মাছের পোনা অবমুক্ত করে ডিএনসিসি।

এসময় মেয়র বলেন, ঢাকা শহরে অনেকগুলো লেক রয়েছে। আমি মৎস্য অধিদফতরের সহায়তায় গুলশান, বনানী ও বারিধারা লেকের পানির মান পরীক্ষা করে দেখেছি, লেকগুলো মাছ চাষের জন্য অনুপযোগী। এসব লেকে পয়ঃবর্জ্যের ফলে পানি দূষিত। কিন্তু কুড়িল লেকে পয়ঃবর্জ্যের সংযোগ নেই বলে এখানে মাছ চাষ করা সম্ভব হচ্ছে। কুড়িল লেককে একটি মডেল লেকে পরিণত করা হবে। এখানে সবার জন্য ফিশিং করার সুযোগ থাকবে। তবে শুধু কুড়িল লেক নয়। পর্যায়ক্রমে গুলশান, বনানী ও বারিধারা লেকেও মাছ চাষ করা হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরও বলেন, বারিধারা, গুলশান এলাকার জমির দাম অনেক বেশি। এখানে প্রতিটি বাড়িতে লাখ লাখ টাকা খরচ করে জেনারেটর, এসি লাগানো হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, কোনো বাড়িতে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য স্যানিটেশন সিস্টেম নাই। সবাই পয়ঃবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে দিয়ে লেকের পানি দূষিত করছে। বিষাক্ত অ্যামোনিয়ার ফলে লেকগুলোতে মাছ চাষ করা যাচ্ছে না। বরং মশার চাষ হচ্ছে।

এসময় তিনি কাউন্সিলরদের নিজ নিজ এলাকার ভবনগুলোর পয়ঃবর্জ্যের সংযোগ ড্রেনে দেওয়া বন্ধ করতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

মৎস্য অধিদফতরের আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর সমাপ্তি উপলক্ষে রাজধানীর কুড়িল লেকে ৩০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এর মধ্যে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ—এই ৪ প্রজাতির মাছের পোনা রয়েছে।

ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা বি এম মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতর পরিচালক সৈয়দ মো. আলমগীর, ডিএনসিসির ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইসহাক মিয়া, সংরক্ষিত নারী কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী।

সারাবাংলা/আরএফ/আইই