Monday 13 July 2026
EN
Sarabangla | Breaking News | Sports | Entertainment
EN

ড্রেনে পড়ে নিহত কলেজছাত্রীর বোনকে চাকরির আশ্বাস মেয়রের

সারাবাংলা ডেস্ক
৮ আগস্ট ২০২৩ ২১:০০

চট্টগ্রাম ব্যুরো: টানা বৃষ্টিতে তলিয়ে যাওয়া সড়ক থেকে ড্রেনে পড়ে প্রাণ হারানো কলেজ ছাত্রী নিপা পালিতের বাসায় গেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়ার পাশাপাশি ওই ছাত্রীর ছোট বোনকে চাকরির আশ্বাস দেন।

মঙ্গলবার (০৮ আগস্ট) সকালে হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলী সিটি করপোরেশন ওয়ার্ডের ইসলামিয়া হাট বাদামতল এলাকায় ওই ছাত্রীর বাসায় যান মেয়র। তিনি অনুদান হিসেবে পরিবারকে এক লাখ টাকা দেন।

এসময় উপস্থিত সাংবাদিকদের মেয়র বলেন, ‘এই মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। সন্তানের এমন চলে যাওয়া কোনো বাবা-মায়ের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। তাদের পরিবার আর্থিকভাবে অত্যন্ত অস্বচ্ছল। কিছু অনুদান দিয়েছি এবং ছোট বোনকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছি। তিনি এখন উচ্চ মাধ্যমিকে পড়ছেন। পড়াশোনা শেষ হলে চাকরি দেব।’

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম, আবদুল মান্নান, আশরাফুল আলম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম।

সোমবার (০৭ আগস্ট) সকালে হাটহাজারী উপজেলার ইসলামীয়া হাট বাদামতল এলাকায় পরীক্ষা দিতে যাওয়ার পথে পানিতে পড়ে মৃত্যু হয় নিপা পালিত নামে ওই ছাত্রীর। তিনি হাটহাজারী সরকারি কলেজের বিবিএস দ্বিতীয় বর্ষে পড়তেন।

সারাবাংলা/আরডি/এনইউ
বিজ্ঞাপন

আরো