Monday 13 July 2026
EN
Sarabangla | Breaking News | Sports | Entertainment
EN

২৫ বছর চাকরি পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন

স্টাফ করেসপন্ডেট
১৩ জুলাই ২০২৬ ১৩:০২

ঢাকা: সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে কোনো কর্মকর্তা বা কর্মচারী স্বেচ্ছায় অবসর গ্রহণ কিংবা পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধা পাবেন না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের দেওয়া পূর্ববর্তী রায় বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

গত ১১ মার্চ বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। পরে ৯ জুলাই ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন বিচারপতি ফারাহ মাহবুব।

রায়ে আপিল বিভাগ বলেন, সরকারি চাকরি কেবল স্বল্পমেয়াদি জীবিকার মাধ্যম নয়। এটি একটি সুসংগঠিত পেশা, যেখানে দীর্ঘমেয়াদি অঙ্গীকার, শৃঙ্খলা, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক আনুগত্য অপরিহার্য। ২৫ বছরের চাকরিকাল পূর্ণ হওয়ার আগেই পেনশন সুবিধা দেওয়ার সুযোগ থাকলে সরকারি চাকরির স্থিতিশীলতা ও শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিজ্ঞাপন

আদালত আরও পর্যবেক্ষণ করেন, নির্ধারিত সময়ের আগে পদত্যাগ করেও যদি পূর্ণ পেনশন ও অবসর-সুবিধা পাওয়া যায়, তাহলে অনেক কর্মকর্তা সরকারি চাকরিকে কেবল অভিজ্ঞতা, প্রশিক্ষণ বা আর্থিক সুবিধা অর্জনের একটি সাময়িক মাধ্যম হিসেবে ব্যবহার করে ব্যক্তিগত কারণে চাকরি ছেড়ে দিতে উৎসাহিত হতে পারেন। এতে অকাল পদত্যাগের প্রবণতা বাড়বে, জনবল পরিকল্পনা ব্যাহত হবে এবং অভিজ্ঞ কর্মকর্তাদের ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

এ কারণে সরকারি চাকরিতে ২৫ বছরের যোগ্যতাসম্পন্ন চাকরিকালের শর্তকে প্রশাসনিক শৃঙ্খলা, দীর্ঘমেয়াদি কর্মনিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি যৌক্তিক নীতিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন আপিল বিভাগ।

মামলার নথি অনুযায়ী, অতিরিক্ত জেলা জজ হিসেবে দায়িত্ব পালনরত মাহবুব মোরশেদ ১৯ বছর চাকরি করার পর ২০১১ সালে স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে তিনি পেনশন ও আনুতোষিকের আবেদন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে জানায়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে পূর্বের চাকরিকাল পেনশনের জন্য গণ্য হবে না এবং ২৫ বছর চাকরি পূর্ণ না হওয়ায় তিনি পেনশন পাওয়ার যোগ্য নন।

এর বিরুদ্ধে মাহবুব মোরশেদ ২০১৬ সালে হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে ২০২১ সালে হাইকোর্ট বাংলাদেশ সার্ভিস রুলসের (বিএসআর) বিধি ৩০০ (এ)-এর সংশ্লিষ্ট অংশকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে এবং তাকে পেনশনসহ অন্যান্য সুবিধা দেওয়ার নির্দেশ দেন।

পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগ রাষ্ট্রের আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিল করেন। ফলে সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগকারী কর্মচারীরা পেনশন সুবিধা পাবেন না এ বিধানই বহাল থাকল।

এদিকে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রিট আবেদনকারী মাহবুব মোরশেদ গণমাধ্যমকে জানিয়েছেন, রায়ের অনুলিপি পর্যালোচনা করে প্রয়োজন হলে তিনি রিভিউ আবেদন করবেন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর