ঢাকা: জাতীয় সংসদে জনসংখ্যার সংখ্যানুপাতে হিন্দু সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণ এবং সেই সংরক্ষিত আসনে হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে পৃথক নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করার দাবি জানানো হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয় হিন্দু যুব মহাজোটের সম্মেলনে বক্তারা এমন দাবি জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজ ছাড়া আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না। আজকে সারাদেশে হিন্দু মহাজোটের জাগরণ তৈরি হয়েছে। আজকে যুব সমাজকে হিন্দু মহাজোট তাদের একান্ত শক্তি হিসেবে বেছে নিয়েছে। এ সময় হিন্দুদের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সম্মেলনে জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের এক দফা দাবি, তা হলো আমাদের (সংখ্যালঘুদের) পার্লামেন্টে নিতে হবে। কিন্তু বর্তমানের সংরক্ষিত আসনের মতো করে নয়। আমরা চাই আমাদের জন্য সংরক্ষিত আসন থাকবে। যেখানে আমাদের হিন্দুদের মধ্যে থেকে ওপেন নির্বাচন হবে। সেখানে হিন্দুরা প্রতিদ্বন্দ্বিতা করবে, হিন্দুরা যাকে যোগ্য মনে করবে তাকেই নির্বাচিত করবে।’
তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় করতে হবে। আর এজন্য বর্তমান সরকারে হাতে সংবিধান সংশোধন করার মতো এখনও পর্যাপ্ত সময় ও যথেষ্ট ম্যান্ডেট আছে। আর আমাদের দাবি পূরণ না হলে আমরা আগামী জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে যাব না।’
তিনি আরও বলেন, ‘যারা হিন্দু, যারা এই সমাজের টিকে থাকতে চায়, যারা এই পবিত্র ভূমি রক্ষা করতে চায়, যারা মনে করে হরিঠাকুরের পূণ্য ভূমি রক্ষা করতে হবে, তারা যেন হিন্দু সমাজ রক্ষার্থে সবাই একসঙ্গে থাকেন। তাই এই ভগবানের পূণ্য ভূমি, অবতারদের পূণ্য ভূমি, মহাপুরুষদের পূণ্য ভূমি রক্ষার জন্য নিজের পরিবার, নিজের সমাজ, নিজের ধর্মকে আমাদের রক্ষা করতে হবে। আমরা সবার কল্যাণ চাই।’
জাতীয় হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি মধুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী গোস্বামী, মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, নির্বাহী সভাপতি দীন বন্ধু রায়, জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি গৌতম সরকার অপু প্রমুখ।