Monday 13 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমান আটক

স্পেশাল করসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৩ ১২:২৮ | আপডেট: ২৯ জুলাই ২০২৩ ১৪:০০

ঢাকা: রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন বিএনপি নেতা-কর্মীরা। একইসঙ্গে পাল্টা কর্মসূচি পালন করছে যুবলীগ। ফলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কোনো কোনো জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

রাজধানীর নয়াবাজার থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন অনেকে। গয়েশ্বর রায়ের সঙ্গে আটক করা হয়েছে আরও কয়েকজন বিএনপি নেতা-কর্মীকে।

এদিকে, রাজধানীর গাবতলী এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

লালবাগ বিভাগের উপ-কমিশনার জাফার হোসেন বলেন, ‘গতকাল পুলিশ কমিশনার স্যারের পক্ষ থেকে প্রেস রিলিজে পরিস্কার করে জানান হয়েছে, ঢাকায় আজ কাউকেই কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি। এখানে কারও কোনো পজিশন নেওয়ার সুযোগ নেই। মহানগরে সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা নিরাপত্তা বিধানের জন্য সকাল থেকেই আমরা সতর্ক অবস্থানে আছি। আমাদের ফোর্স ডিপ্লয় করা হয়েছে। হঠাৎ করে দেখি, যারা কর্মসূচি ডেকেছে, তাদের কিছু নেতা-কর্মী চোরাগলি দিয়ে এসে অবস্থান করার চেষ্টা করছে। তারা আমাদের দায়িত্বপ্রাপ্ত পুলিশদের ওপরে আক্রমণ করার চেষ্টা করছে। আত্মরক্ষার্থে আমাদের যতটুকু আইন প্রয়োগ করা দরকার ততটুকু করেছি।’

তিনি বলেন, ‘একটু আগেই আমাদের এক পুলিশ সদস্যের মাথা ফেঁটে গেছে, আহত হয়েছে বেশ কয়েকজন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি পুরোটাই আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।’

গয়েশ্বর চন্দ্র রায়ের আটক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা একজনকে হেফাজতে নিয়েছি। তার নাম গয়েশ্ব চন্দ্র রায়।’

সারাবাংলা/এজেড/আইই