Monday 13 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজনৈতিক সংকট উত্তরণে সংলাপের বিকল্প নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৩ ১৫:৩২

ঢাকা: রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি।

মঙ্গলবার (২৫ জুলাই) দলের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

জেবেল রহমান গানি বলেন, ‘রাজনৈতিক সমস্যার সমাধানে আলোচনা প্রয়োজন। বাংলাদেশ ন্যাপ সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানে বিশ্বাসী। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান না হলে অশুভ শক্তি দেশের মানুষের কাঁধে বসে পড়তে পারে। তাতে রাজনীতির কারোরই মঙ্গল হবে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেশের যে অবস্থা বিরাজ করছে তা কোনো ভাবেই কাম্য নয়। সমঝোতা ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তোরণ সম্ভব নয়। আর সমঝোতার জন্য সংলাপই একমাত্র পথ। সংকট সমাধানে অবিলম্বে জাতীয় সংলাপ প্রয়োজন। আর সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান না হলে সামনের দিনে রাজনৈতিক দলগুলোকে আরো বেশি মূল্য পরিশোধ করতে হতে পারে।’

গানি বলেন, ‘৬৬ বছর আগে জাতির এক চরম ক্রান্তিকালে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বিশ্বনন্দিত নেতা, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা, গণমানুষের মুক্তির লক্ষ্যে ন্যাপ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই ন্যাপ এ অঞ্চলের মানুষের মুক্তি, স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনের জন্য সংগ্রাম করছে।’

তিনি বলেন, ‘দলের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মহান দিনে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের দলকে আরও গতিশীল করা এবং একটি গণতান্ত্রিক সমাজ নির্মণে প্রস্তুতি গ্রহণ করতে হবে। পাশাপাশি দেশ, জাতি, গণতন্ত্রের যে কোনো ক্রান্তিলগ্নে সকলকে ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে।’

দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মজলুম জননেতা মওলানা ভাসানী, পরবর্তী চেয়ারম্যান মশিউর রহমান যাদু মিয়া, পরবর্তী চেয়ারম্যান শফিকুল গানি স্বপনসহ প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন তাদের স্মৃতির প্রতি গভীরতম শ্রদ্ধা জানিয়ে জেবেল রহমান গানি বলেন, ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তুলতে হবে। গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে গণশক্তি গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, আকাশছোঁয়া স্বপ্ন, দিগন্ত বিস্তৃত প্রত্যাশা নিয়ে এদেশের মানুষ ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আজ সেই স্বপ্ন ও প্রত্যাশা ধ্বংসের পথে। দুর্নীতির মরণ ব্যধিতে রাষ্ট্র ও সমাজ ক্ষতবিক্ষত। মুক্তিযুদ্ধের চেতনা আজ পদদলীত। বহুদলীয় রাজনীতি যদি না থাকে তাহলে সমাজ রাষ্ট্রে অশুভ ও অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটতে বাধ্য। আর অশুভ শক্তির উত্থান হচ্ছে সরকারের ভুল নীতির কারণে।’

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মধ্যপন্থি জাতীয়তাবাদী রাজনৈতিক দল। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৫৭ সালের ২৬ জুলাই দলটি প্রতিষ্ঠিত হয়।

সারাবাংলা/এজেড/এনইউ