Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৪ দিনের যুব রেডক্রিসেন্ট ক্যাম্প শুরু মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর সরকারি শারীরিক শিক্ষা কলেজে সপ্তমবারের মতো আয়োজিত হচ্ছে বিভাগীয় যুব রেডক্রিসেন্ট ক্যাম্প। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে ১ হাজার ৪৫০ জন যুবসদস্যের অংশগ্রহণে এই ক্যাম্পের আয়োজন করা হবে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলার চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘যুব নেতৃত্বের প্রসার, সবুজ বিশ্বের অঙ্গীকার- এই প্রতিপাদ্য নিয়ে এবারের ৭ম বিভাগীয় যুব রেডক্রিসেন্ট ক্যাম্প অনুষ্ঠিত।’

বিজ্ঞাপন

ক্যাম্পের প্রশিক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, ‘চার দিনব্যাপী এই ক্যাম্পে নেতৃত্বে গঠন, ডিজিটালাইজেশন, জনসংযোগ, অগ্নিনির্বাপণ, দূর্যোগ ব্যবস্থাপনা, মনোবিদ্যা, বিশ্বায়ন, প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ হবে।’

‘এবারের ক্যাম্পে ডিজিটালাইজেশন নিয়ে প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনীর হাসান, মনোবিদ্যা নিয়ে ডা. পঞ্চানন আচার্য্য, সংগঠন নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ এম এ ছালাম ও শিখোর সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার (সিওও) জিসান জাকারিয়া, রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও মূলনীতি নিয়ে মুহিত দেবনাথ, নেতৃত্ব নিয়ে এইচ এম সালাউদ্দিন এবং বিশ্বায়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন আনন্দ।’

তিনি আরও বলেন, ‘যুব প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করতে মোটিভেশনাল স্পিকার হিসেবে প্রথম নারী বাংলাদেশি এভারেস্ট জয়ী নিশাত মজুমদার, ১৬০টি দেশে লাল-সবুজের পতাকা বহনকারী নাজমুন নাহার, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম. হামিদ, কার্টুনিস্ট মোর্শেদ মিশু অংশগ্রহণ করবেন।’

জানা যায়, আগামী মঙ্গলবার সন্ধ্যায় এ ক্যাম্পের উদ্বোধন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহহাব এবং প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী থাকার কথা রয়েছে। ১ মার্চ বুধবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। একইদিন বিকেলে পতাকা নামানোর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায় উপস্থিত থাকার কথা রয়েছে।

একইভাবে ২ মার্চ ক্যাম্পের তৃতীয় দিন পতাকা উত্তোলন করবেন চট্টগ্রাম জেলা পরিষদ ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। এবং বিকেলে পতাকা নামানোর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে। ক্যাম্পের শেষ দিন (৩ মার্চ) পতাকা উত্তোলন করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান জাবেদ।

সংবাদ সম্মেলনে জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, সাধারণ সম্পাদক মো. আসলাম খান, কোষাধ্যক্ষ এম এ সালাম, সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর পারভেজ, সাধারণ সম্পাদক আবদুল জব্বার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/ইআ