Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাছের বাজারে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৯ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০১

ঢাকা: রাজধানীর মাছের বাজারে যেন আগুন জ্বলছে। কেজিতে বেড়েছে ২০-৩০ টাকা। গরু ও খাসির মাংস কোথাও কোথাও বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে বাড়েনি ডিম, ব্রয়লার মুরগি ও চালের দাম। লাল শাক ও লাউ শাক ছাড়া অন্যান্য শাক-সবজি আগের দামেই বিক্রি হচ্ছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও, কল্যাণপুর, শ্যামলী, মোহাম্মদপুর কৃষি মার্কেট, নিউমার্কেটসহ কয়েকটি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

বাজারে কৈ মাছ (বড়) বিক্রি হচ্ছে ২৫০-২৬০ টাকা। গত সপ্তাহে যা ছিলো ২২০-২৩০ টাকা। চিংড়ি মাছ (মাঝারি) গত সপ্তাহে ছিলো ৬৫০ টাকা। এখন সেটা বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজিতে। বড় চিংড়ি বিক্রি হচ্ছে ৯০০ টাকা কেজিতে। গত সপ্তাহে যা ছিলো ৮৫০ টাকা। কৈ মাছ (বড়) বিক্রি হচ্ছে ২৫০-২৬০ টাকা কেজিতে। গত সপ্তাহে যা ছিলো ২২০-৩০ টাকা। মাঝারি সাইজের টেংরা বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। গত সপ্তাহে যা ছিলো ৩২০ টাকা। কেজিতে ৩০ বেড়ে ইলিশ (বড়) মাছ বিক্রি হচ্ছে এক হাজার টাকায়।

বিজ্ঞাপন

 

নিউ মার্কেটে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে ছিলো ৭২০-৭৩০ টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ থেকে ১১০০ টাকা কেজিতে। যা গত সপ্তাহে ছিল ১ হাজার টাকা।

নিউ মার্কেটে কাঁচা বাজারের গরু ও খাসির মাংস বিক্রেতা সোহেল সারাবাংলাকে বলেন, গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে গরু-খাসির মাংসের দাম কিছুটা বেড়েছে। আজকে গরুর মাংস ৭৫০ টাকা আর খাসির মাংস ১ হাজার ৫০ থেকে ১১০০ টাকা কেজিতে বিক্রি করছি।

নিউ মার্কেটে কাঁচা বাজারের মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেন সারাবাংলাকে বলেন, আজকে রুই মাছের দাম কিছুটা বেশি। রুই মাছ ২৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। যা গত সপ্তাহে ছিল ২২০-২৩০ টাকা। আর এক কেজি বা তারও বেশি ওজনের রুই মাছ ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি করছি।

কথা হয় আগারগাঁওয়ের শাক বিক্রেতা সাকিব মিয়ার সঙ্গে। তিনি বলেন, লাল শাক ও লাউ শাকের দাম বেড়েছে। তবে অন্যান্য শাকের দাম গত সপ্তাহের মতোই রয়েছে।

শ্যামলী কাঁচা বাজারের সবজি বিক্রেতা মোফাজ্জল হোসেন সারাবাংলাকে বলেন, লেবু, লাল শাক সহ দু-তিনটি সবজির দাম বেড়েছে। অন্যান্য শাক সবজির দাম আগের মতোই আছে।

বাজার ঘুরে দেখা যায়, বেশির ভাগ দোকানেই প্যাকেটজাত চিনি নেই। খোলা চিনি বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকা কেজি দরে। এ সপ্তাহে চালের দাম গত সপ্তাহের মতোই রয়েছে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের সিফাত রাইস এজেন্সির সত্ত্বাধিকারী মোফাচ্ছের সরদার সারাবাংলাকে বলেন, নাজির শাইল ৬৬-৬৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিআর আটাশ ৫০-৫৪ টাকা, মিনিকেট ৭০-৭২ টাক, চিনিগুড়া ১৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের বাজার গত সপ্তাহের মতোই রয়েছে।

একই বাজারের চাঁদপুর বয়লার হাউসের মালিক মো. মামুন মিয়া বলেন, পোল্ট্রি মুরগি ২৩০-২৪০ টাকা কেজি দরে, সোনালি মুরগি ৩২০ টাকা, দেশি মুরগি ৫২০-৫৪০ টাকা কেজি দরে বিক্রি করছি। আর মুরগির ডিম ডজন ১৪০-১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে দেশি মুরগির দাম বেড়েছে ২০-৩০ টাকা।

বাজারে গোল আলু জাতভেদে ২৫-৩০ টাকা, টমেটো ৩৫-৪০টাকা, বাঁধাকপি প্রতিটা আকারভেদে ২৫-৩০, ফুলকপি আকারভেদে ৩৫-৪০, বেগুন ৬৯-৭০ টাকা, মূলা ৪০-৫০ টাকা, পেঁপে ৪০-৪৫, শসা ৫০-৬০, গাজর ৪০, বরবটি ১৪০-১৫০ টাকা, করলা ১৩০-১৪০ টাকা কেজি দরে, লাউ প্রতিটা ৮০-৯০ টাকা করে বিক্রি হচ্ছে। লেবুর দাম বেড়ে হালি প্রতি জাতভেদে ৫০-৬০ টাকা, কাঁচা কলা ৪০-৫০ টাকা হালি, কাঁচা মরিচ ১৪০-১৫০ টাকা, আদা ১৪০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

সারাবাংলা/কেআইএফ/এনইউ