Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিপিএইচ কারখানা পরিদর্শনে চসিক মেয়র

সারাবাংলা ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের অন্যতম শীর্ষস্থানীয় লোহার রড উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড কারখানা পরিদর্শন করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এসময় মেয়র ব্যাপক বিনিয়োগের মাধ্যমে বদলে যাওয়া চট্টগ্রামের উন্নত অবকাঠামো ব্যবস্থাকে কাজে লাগিয়ে শিল্পায়নের গতি বাড়ানোর জন্য শিল্প মালিকদের প্রতি আহ্বান জানান।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাত কারখানার বিভিন্ন প্ল্যান্টের আধুনিক উৎপাদন ব্যবস্থা পরিদর্শন করেন মেয়র।

মেয়র বলেন, ‘আমি মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই প্রধানমন্ত্রী চট্টগ্রামের অবকাঠামো উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন। এ প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে। শিল্পায়নের ক্ষেত্রে উন্নত যোগাযোগ ব্যবস্থা খুবই জরুরি। প্রধানমন্ত্রী আমাদের রাস্তা করে দিয়েছেন, টানেল করে দিয়েছেন, বন্দরের আধুনিকায়ন করেছেন। এখন শিল্প মালিকদের কাজ হলো আধুনিক সব শিল্প-কারখানা স্থাপন করে মুনাফা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান ও দেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করা।’

বিজ্ঞাপন

জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল বলেন, ‘একসময় বাংলাদেশ রড, বিলেট আমদানি করত। কিন্তু বর্তমানে আমরা দেশের চাহিদা পূর্ণ করে বিদেশেও রফতানি করছি। প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন, সেটা বাস্তবায়নে জিপিএইচ ইস্পাত কোয়ান্টাম ইলেক্ট্রিক আর্ক ফার্নেসের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রড উৎপাদন করছে। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে আমাদের উৎপাদিত উন্নতমানের রড ব্যবহার হচ্ছে, যার ফলে একদিকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রার সাশ্রয় হচ্ছে, আবার দেশের শিল্পখাতও এগিয়ে যাচ্ছে।

বিশ্বের অত্যাধুনিক কোয়ান্টাম ইলেক্ট্রিক আর্ক ফার্নেস ও উইনলিংক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের বিলেট প্রস্তুতের বিষয় মেয়রকে অবহিত করেন আলমাস শিমুল।

মেয়র জিপিএইচ কারখানা প্রাঙ্গণে একটি নিমের চারা রোপণ করেন। বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও মেয়রের লেখা ‘ছাত্রলীগ: ষাটের দশকের চট্টগ্রাম’ উপহার দেন মেয়র। এছাড়া দুঃস্থদের মধ্যে জিপিএইচ’র ত্রাণ সামগ্রীও বিতরণ করেন।

মেয়রের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর গোলাম মো. জোবায়ের, আতাউল্লা চৌধুরী, নুরুল আমিন, আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুনিরুল হুদা ছিলেন।

এছাড়া জিপিএইচ ইস্পাতের প্রধান নির্বাহী কর্মকর্তা (কর্পোরেট রিলেশন্স) শোভন মাহবুব শাহাবুদ্দিন রাজ, গণমাধ্যম উপদেষ্টা অভীক ওসমান, প্রক্রিয়াকরণ পরামর্শক আমিরুল ইসলাম, প্রধান গবেষণা কর্মকর্তা এস এম সুমন ছিলেন।

সারাবাংলা/আরডি/এনইউ