Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাতুয়াইলের নিমতলা কলেজ রোড ৬০ ফুটে উন্নীত হবে: মেয়র তাপস

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৬

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন মাতুয়াইল এলাকার ৬৫ নম্বর ওয়ার্ডের নিমতলা কলেজ রোডকে ৬০ ফুটে উন্নীত করার ঘোষণা দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সড়কের উভয় পাশে ১০ ফিট করে হাঁটার পথসহ ৬০ ফিটের একটি রাস্তা নির্মাণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ডেমরা থানাধীন মাতুয়াইল এলাকার ৬৫ নম্বর ওয়ার্ডের সড়কের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।

ডিএসসিসি মেয়র বলেন, আমাদের নজরে এসেছে যে, এই এলাকাটি অত্যন্ত জনবহুল এবং এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত। আশপাশে অনেক কলকারখানা ও দোকানপাট রয়েছে। এলাকাটি একটি ব্যবসায়িক প্রাণকেন্দ্র। আমরা বিশদ অঞ্চল পরিকল্পনাসহ আরএসটিপি পর্যালোচনা করে এই সড়কটাকে প্রশস্ত করব। সড়কটা সংস্কার করব। নর্দমা ও হাঁটার পথসহ আমরা এই সড়কটিকে চার সারিতে উন্নীত করব। সড়কের উভয় পাশে ১০ ফিট করে হাঁটার পথসহ ৬০ ফিটের একটি রাস্তা নির্মাণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। সেই প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনে আজকে আমরা এখানে এসেছি।

বিজ্ঞাপন

শিগগির সড়কটির সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরুর আশা ব্যক্ত করে তিনি বলেন, আমরা এই অর্থবছরের বাজেট থেকে অর্থ প্রাক্কলন এবং দরপত্র সম্পন্ন করতে চাই। আশা করছি যে, বর্ষার পরপরই এই রাস্তার কাজ শুরু করতে পারব।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন, ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সামসুদ্দিন ভূঁইয়া, ৬৩ নম্বর ওয়ার্ডের মো. শফিকুল ইসলাম খান এবং সংরক্ষিত আসনের নিলুফা ইয়াসমিনসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরএফ/এনইউ