Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ে মাদরাসা ছাত্রদের অবদান স্মরণে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ১০:৫১ | আপডেট: ১২ জুলাই ২০২৬ ১১:৪৬

প্রস্তুতি সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও প্রতিনিধিরা

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসার ছাত্রদের ঐতিহাসিক অবদান স্মরণ ও নতুন প্রজন্মের সামনে সেই ভূমিকা তুলে ধরতে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’ পালিত হবে।

শনিবার (১১ জুলাই) জাতীয় সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কক্ষে ১৫টি কওমী মাদরাসা সংগঠন, ২টি অরাজনৈতিক সংগঠন ও মাদরাসা শহীদ পরিবার প্রতিনিধিদের অংশগ্রহণে এ বিষয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মাদরাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি দিয়েছেন বলেও জানানো হয়।

সভায় জানানো হয়, গত বছরের ধারাবাহিকতায় এ বছরও ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ উদযাপনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসার ছাত্রদের আত্মত্যাগ, সংগ্রাম ও অবদান জাতির সামনে তুলে ধরা হবে।

বিজ্ঞাপন

প্রস্তুতি সভায় আলোচনায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও মাদরাসার শিক্ষার্থী প্রতিনিধিরা

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আয়োজন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও জুলাই জোটের সাধারণ সম্পাদক মাওলানা জামিল সিদ্দিকী, তরুণ আলেম প্রজন্ম-২৪-এর সভাপতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক, সাধারণ আলেম সমাজের মুখপাত্র মাওলানা রিদওয়ান হাসান, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সভাপতি মাওলানা আশরাফ উদ্দিন মাহদী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মো. রায়হান আলী, শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা রিদওয়ান মাজহারী, বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাকছুদুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন (একাংশ)-এর সভাপতি মোহাম্মাদ আবু দারদা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম আইনী প্রমুখ।

সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও সমন্বয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে কওমী মাদরাসার ছাত্রদের অবদান সংরক্ষণ, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সেই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।