Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৯.০৬ ট্রিলিয়ন ঘনফুট, চলবে ১১ বছর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৩ ১৮:২৫ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ২০:০১

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমানে দেশে ৯.০৬ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে। এই পরিমাণ মজুত গ্যাস দিয়ে প্রায় ১১ বছর দেশের চাহিদা মেটানো সম্ভব হবে।

সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

নসরুল হামিদ বলেন, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য মজুত গ্যাসের পরিমাণ ৯.০৬ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)।

সর্বশেষ ১ জুলাই, ২০২২ এর প্রাক্কলন অনুযায়ী দেশে মোট উত্তোলনযোগ্য প্রমাণিত ও সম্ভাব্য মজুত (২পি) ২৮ দশমিক ৫৯ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। শুরু থেকে গত বছরের ৩০ জুন পর্যন্ত দেশে ক্রমপুঞ্জিত গ্যাস উৎপাদনের পরিমাণ প্রায় ১৯ দশমিক ৫৩ টিসিএফ। সে হিসেবে বর্তমানে উত্তোলনযোগ্য অবশিষ্ট মজুতের (২পি) পরিমাণ ৯ দশকি ০৬ টিসিএফ।

বিজ্ঞাপন

দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে দৈনিক গড়ে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে বিবেচনায় অবশিষ্ট মজুতকৃত গ্যাস দ্বারা প্রায় ১১ বছর বাংলাদেশের চাহিদা মেটানো সম্ভব হবে। নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান।

সারাবাংলা/এএইচএইচ/একে