Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলওয়ের জমি লিজ দেওয়া হচ্ছে: সংসদে রেলমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৩ ১০:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, রেলওয়ের অব্যবহৃত জমির মধ্যে যেগুলো লিজযোগ্য তা পর্যায়ক্রমে বাণিজ্যিক, কৃষি, মৎস্য চাষ, নার্সারি ও পোল্টিফার্মের জন্য লিজ দেওয়া হচ্ছে।

রোববার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তরে এ কথা জানান তিনি।

সরকারি দলের সদস্য একেএম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী আরো জানান, রেলওয়ের অব্যবহৃত ভূমি উপযোগিতা অনুসারে বাণিজ্যিক, কৃষি, মৎস্য চাষ, নার্সারি, পোল্টিফার্ম ইত্যাদি কাজে লিজ দেওয়া হয়। বর্তমানে যে সকল জমি লিজ বহির্ভূত আছে, তার অধিকাংশ রেলওয়ের অপারেশনাল কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে। অব্যবহৃত জমির বেশিরভাগ নালা, ডোবা ও অন্যান্য প্রকৃতির।

বিজ্ঞাপন

ইজিবাইক-নসিমন-করিমন নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে:

আওয়ামী লীগের সংসদ সদস্য বেনজীর আহমদের প্রশ্নের লিখিত জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংসদকে জানিয়েছেন, অনুমোদনবিহীন ইজিবাইক, নসিমন, করিমন নিয়ন্ত্রণে নীতিমালা তৈরি করা হচ্ছে। নীতিমালা চূড়ান্ত হলে এসব যানের অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

একই প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের জানান, বর্তমানে বিআরটিএর অনুমোদিত (রেজিস্ট্রেশনকৃত) গাড়ির সংখ্যা ৫৫ লাখ ৮২ হাজার ৩১০টি। বর্তমানে অনুমোদনবিহীনভাবে ইজিবাইক, নসিমন, করিমন, ভটভটি প্রভৃতি যানবাহন রাস্তায় চলাচল করছে।

সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ