চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ভবনে জুতার কারখানা ও আশপাশের কয়েকটি দোকানের মালামাল আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডে নুপুর মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। জনবহুল ও ব্যস্ততম ওই মার্কেটে আগুন লাগার পর আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের নন্দনকাননের স্টেশন অফিসার মোহাম্মদ আলী সারাবাংলাকে জানান, বিকেল ৪টার দিকে মার্কেটের সাত তলায় জুতার কারখানায় আগুনের সূত্রপাত হয়। তিনটি স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন ছড়াতে না পারায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করা গেছে জানিয়ে তিনি বলেন, ‘কারখানায় কিছু জুতা ও জুতা তৈরির কাঁচামাল এবং পাশের কয়েকটি দোকানের কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের উৎস তদন্ত সাপেক্ষে বলা যাবে।’