ঢাকা: ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় সমাবেশ সামনে রেখে গত ৩ দিনে বিএনপির ৭৮৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (৩ ডিসেম্বর) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্ যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতারের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে তিনি জানান— ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লালবাগের সাবেক কমিশনার আলহাজ মোশারফ হোসেন খোকনকে শনিবার সন্ধ্যার পর আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে।
রিজভী জানান— খুলনা মহানগর ২ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এমদাদুল হক, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি, যশোর জেলা কেশবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আজিজুর রহমান আজিজ ও যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মো. রাশেদুল ইসলামকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করেছে।
নারায়ণগঞ্জ জেলা মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ মিন্টু মিয়া, সোনারগাঁ পৌর বিএনপি নেতা সান্টু মোল্লাকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ।
রিজভী জানান— শুক্রবার মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম কাড়াল, উপজেলা ছাত্রদল সদস্য সচিব জহিরুল ইসলাম বাদশা, তন্তর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান শাহাবুদ্দিন, শ্রীনগর ইউনিয়ন যুবদল নেতা বাবুলকে গ্রেফতার করা হয়েছে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর বাড়িতে বাড়িতে পুলিশ তল্লাশি ও হামলা চালিয়েছে। স্থানীয় বিএনপির সদস্য সচিবসহ ২৭ জনের নাম উল্লেখ করে মামলা দেওয়া হয়েছে।
তিনি জানান— সিরাজদিখান উপজেলা বিএনপি আহ্বায়ক শেখ মো. আব্দুল্লাহকে প্রধান আসামি করে ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আজিম আল রাজী ও বালুচর ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন, রসুনীয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল হাসান দেওয়ান, রাবদী ইউনিয়ন বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. ফারুক, মো. বাদল, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপি নেতা মো. জামাল হোসেন ও যুবদল নেতা মো. আরিফকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া যুবদল নেতা আল আমিন ও বিএনপি নেতা লাল মিয়া মুন্সিগঞ্জ কোর্টে হাজিরা দিতে গেলে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন রিজভী।
তিনি জানান ময়মনসিংহ মহানগর ৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল পাঠানসহ ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুন, হেলাল খানসহ ১০ জনকে গ্রেফতার ও ৩৫ জনের নামে বানোয়াট মামলা দেওয়া হয়েছে। সদর উপজেলায় গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। জেলা যুবদল সভাপতি জীবন দাশসহ ১৬ জনের নাম উলেখ করে মামলা দেওয়া হয়েছে।
রিজভী আরও জানান গাজীপুর মহানগর ছাত্রদল সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। কাউলতিয়া থানা যুবদলের আহ্বায়ক নাজমুল সরকার, কাশিমপুর থানা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম শাহীন ও সদস্য সচিব কেএম হাফিজুর রহমান রাজো, কোনাবাড়ি থানা যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলামকে বিনা ওয়ারেন্টে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে।
তিনি জানান, গাজীপুর সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক আজহার মেম্বার, দুলাল মোল্লা, জাকির, মোখলেছ ব্যাপারীসহ কমপক্ষে ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রিজভীর অভিযোগ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় গতকাল (১ ডিসেম্বর) জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সহোদর মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সে প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িত না হওয়া সত্বেও শহিদুল ইসলাম বাবুলের ভাই এ কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। পারিবারিকভাবে ফোর্টিন জেনারেশনে তাদের কারও বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। এটি কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা-তা বোধগম্য নয়। এই ঘটনা ঘৃণ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম এর বাসার কেয়ারটেকার নুর আলমসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। নিউমার্কেট থানা ১৮ নং ওয়ার্ড বিএনপির নেতা লোকমান হোসেন মো. বাবুল, মো. বাবু, কলাবাগান থানা শ্রমিক দল নেতা রাসেল হাওলাদার, ছাত্রদল নেতা মো. ইয়াসিনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য আবুল কাউসার, কলাবাগান থানাধীন ১৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মো. মিন্টুকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
এছাড়া কলাবাগান থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন, ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. পলাশকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।
তিনি জানান কাফরুল থানা বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক ও জিসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলালকে ৩০ নভেম্বর গ্রেফতার করা হয়েছে, ঢাকা জেলা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরীকে ২৪ নভেম্বর রাতে কেরাণীগঞ্জের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণঞ্জের ফতুল্লা থানা কুতুবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলামসহ গত তিন দিনে ঢাকা এবং আশাপাশের জেলা থেকে কমপক্ষে ৭৮৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী।