ঢাকা: আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নয় মাসে ১০০ কোটি টাকার ব্যবসায়িক অর্জন করেছে। আর এই অর্জনকে অভিনন্দন জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত আলফা ইন্স্যুরেন্স নতুন করে শুরু করলেও দ্রুত সময়ের মধ্যে ভালো সাফল্য অর্জন করেছে।
শনিবার (১৫ অক্টোবর) রাতে গুলশান-১ অটোবি সেন্টারের সেলিব্রেটি কনভেনশন হলে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডর ১০০ কোটি টাকার ব্যবসায়িক অর্জন এবং ডিনার পার্টি উদযাপন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যথাযথ আইন মেনে অর্থনৈতিক সুযোগগুলোকে কাজে লাগিয়ে দক্ষতার সঙ্গে এগিয়ে যেতে পারলে আগামীতে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এই সেক্টরের রোল মডেল হতে পারে।’
তিনি বলেন, ‘দেশীয় ইন্স্যুরেন্স কোম্পানি ঠিক মতো কাজ না করলে তা বিদেশি বড় বিনিয়োগকারীদের কাছে চলে যেতে পারে। যা দেশের জন্য কাম্য নয়। কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানির কারণে এই সেক্টরে সুনাম ক্ষুণ্ণ হয়েছে।’ আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে সেই হারানো সুনাম ফিরিয়ে আনার জন্য আইন মেনে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (রিহ্যাব) প্রেসিডেন্ট এবং আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স’র চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন (কাজল)।
তিনি বলেন, ‘আমরা আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স’র ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছি সকল নিয়ম নীতি মেনে ব্যবসা পরিচালনা করার জন্য। নিয়ম নীতি যথাযথভাবে না মেনে আমরা কোনো ব্যবসা করব না।’
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যেসব আইন-কানুন ও দিক নির্দেশনা রয়েছে তার সবকিছু পরিপূর্ণভাবে পালন করেই পেশাদারিত্বের ভিত্তিতে কাজ চলছে। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আইনের বাহিরে এক বিন্দু যাবে না উল্লেখ করে আলমগীর শামসুল আলামিন বলেন, ‘সততা এবং দক্ষতার কারণে নয় মাসে এই ১০০ কোটি টাকার ব্যবসায়িক অর্জন সম্ভব হয়েছে।’
অনুষ্ঠানে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য কামরুল হাসান (লাইফ) ও মো. নজরুল ইসলাম (নন-লাইফ) তাদের বক্তব্যে বিমা খাতের নানা দিক তুলে ধরেন। এছাড়া প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা নূরে আলম ছিদ্দিকী অভি কোম্পানির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।
অনুষ্ঠানে সারা দেশ থেকে আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৪০০ প্রতিনিধি অংশ নেন। কোম্পানির প্রতিনিধিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।