Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বানান ভুল করায় শিক্ষকের মারে প্রাণ গেল ছাত্রের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৯

বানান ভুল করায় শিক্ষকের মারধরে ১৫ বছর বয়সী এক ছাত্রের মৃত্যু হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের আউরাইরা জেলায় এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর সমাজ বিজ্ঞান বিষয়ের লিখিত পরীক্ষায় বানান ভুল করে নিখিত দোহর নামে দশম শ্রেনির শিক্ষার্থী। এ অভিযোগে তাকে রড দিয়ে মারধর এবং অজ্ঞান হওয়া পর্যন্ত লাথি মারতে থাকেন শিক্ষক অশ্বিনী সিংহ। অসুস্থ নিখিত দোহারকে জেলার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক হাসপাতালে স্থানান্তর করেও তার অবস্থার উন্নতি হয়নি। সর্বশেষ শনিবার রাতে এটাওয়ার স্পেশ্যালাইজড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার।

বিজ্ঞাপন

স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীর বাবা একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষক অশ্বিনী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সোমবার নিখিত দোহারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপর শিক্ষক অশ্বিনীর বিচারের দাবিতে স্কুলের সামনে অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন করেন তার সহপাঠীরা। এক পর্যায়ে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নিখিত দোহার দলিত জনগোষ্ঠীর। পুলিশের কাছে অভিযোগে তার বাবা বলেন, মারধরের পর শিক্ষকের সঙ্গে তিনি দেখা করতে গেলে তাকে দলিত বলে গালাগালি করেন ওই শিক্ষক।

সারাবাংলা/আইই