Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটি পক্ষ নতুন করে চাঁদাবাজি ও দখলের রাজনীতি শুরু করেছে: সারজিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ২০:৩৫ | আপডেট: ১০ জুলাই ২০২৬ ২০:৩৭

নাটোরে বক্তব্য দিচ্ছেন সারজিস আলম।

নাটোর: দেশে একটি পক্ষ নতুন করে চাঁদাবাজি ও দখলের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে নাটোরের মাদরাসা মোড়ের স্বাধীনতা চত্বরে এনসিপির ‘জুলাই পথযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে সারজিস আলম এ কথা বলেন।

তিনি বলেন, ‘এক পক্ষ দেশে নতুন করে চাঁদাবাজি ও দখলের রাজনীতি শুরু করেছে। এসব চাঁদাবাজি ও দখলের রাজনীতি করা দল ও মানুষকে আগামী দিনের সব নির্বাচনে ভোট দেওয়া থেকে সকলকে বিরত থাকতে হবে। চাঁদাবাজ-দখলদারদের ভোট দেবেন না।’

আগামীর রাজনৈতিক লড়াই প্রসঙ্গে সার্জিস আলম বলেন, ‘আগামীর লড়াই হবে শাসক আর শাসিতের মধ্যে, ন্যায় ও অন্যায়ের লড়াই। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে।’

বিজ্ঞাপন

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘বাবা-দাদা কোনো দল বা প্রার্থীকে ভোট দিয়েছে বলে আমাদেরও দিতে হবে, এমন কোনো কথা নেই। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকব, জুলুম-অত্যাচারের বিপক্ষে থাকব। আমরা ভুল করলে আপনারা চোখে আগুল দিয়ে দেখিয়ে দেবেন, আমরা মাথা পেতে নেব।’

যোগ্য ও সৎ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ্ যথাযথ যোগ্যতার সঙ্গে জাতীয় সংসদে দায়িত্ব পালন করছে, তাই কাউকে ছোটো ভাবার কোনো কারণ নেই। তাই কে কার ছেলে সেটা নয়, সৎ ও যোগ্য মানুষ দেখে ভোট দিতে হবে। খারাপ মানুষকে ভোট দিয়ে ভালো ফলাফল আশা করা বোকামি।’

এ সময় নাটোর পৌরসভার আগামী নির্বাচনে এনসিপির প্রার্থী, দলের নাটোর জেলা আহ্বায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান সার্জিস আলম। এ ছাড়াও, দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

এনসিপির নাটোর জেলা আহ্বায়ক আব্দুল মান্নাফের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, এস. এম. সাইফ মোস্তাফিজ ও সানোয়ার তুষার।

উল্লেখ্য, সমাবেশে ড. আতিক মুজাহিদ ও সানোয়ার তুষার জুলাই আন্দোলনে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত পাবনা-সাঁথিয়া-বেড়া আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবু সাঈদকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে কাছে টানার অভিযোগ তুলে পাবনা সদর আসনের বর্তমান বিএনপির সংসদ সদস্য শিমুল বিশ্বাসের সমালোচনা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর