Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদ ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বিএনপি প্রতারণা করছে: সারজিস

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ২৩:৫৭

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি, তাই আন্দোলনের লড়াইও শেষ হয়নি।

শুক্রবার (২২ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির আয়োজনে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি জুলাই সনদ, গণভোট ও বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে জনগণের সঙ্গে প্রতারণা করছে।

সারজিস আলম বলেন, বিএনপি দীর্ঘদিন স্বাধীন ও পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের দাবি জানালেও এখন ক্ষমতায় এসে বিচার বিভাগকে দলীয়করণের চেষ্টা করছে। সুপ্রিম কোর্টকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পৃথক সচিবালয়সংক্রান্ত আইন বাতিল করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, একদিকে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করা হচ্ছে, অন্যদিকে দ্রুত বিচারের আশ্বাস দেওয়া হচ্ছে, যা এক ধরনের বৈপরীত্য।

সারজিস আলম বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর এবং বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারলে বিএনপি তাদের দায় এড়াতে পারবে না। বিগত সময়ে আছিয়া হত্যাকাণ্ডের ঘটনায় প্রথমে ৩০ দিনের মধ্যে, পরে ৯০ দিনের মধ্যে রায় কার্যকরের প্রতিশ্রুতি দেয়া হলেও ছয় মাস পার হয়ে গেলেও কোনো অগ্রগতি দেখা যায়নি।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা যদি পিছিয়ে যাই বা কথা বলা বন্ধ করে দিই, তবে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা আরও বড় স্বৈরাচার হয়ে উঠবে। সেই সুযোগ আর কাউকে দেয়া যাবে না।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা একসময় তাদের সহযোদ্ধা ছিলেন। কিন্তু তারা যদি ছাত্রলীগ-যুবলীগের মতো সন্ত্রাসী কায়দায় রাজনৈতিক আন্দোলন দমনের চেষ্টা করে, তাহলে তাদের পরিণতি আরও খারাপ হবে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন বা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে অন্য মত ও দলকে দমন করতে দেয়া হবে না। রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে এবং এনসিপি তাদের আন্দোলন চালিয়ে যাবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর