Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডি বিভ্রাট: রাঙ্গামাটির বাসিন্দার জন্মস্থান ভিয়েতনাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২২ ১৭:৫২ | আপডেট: ১ আগস্ট ২০২২ ১৯:০১

রাঙ্গামাটি: নতুন ভোটার তালিকায় যুক্ত হওয়ার জন্য সব কাগজপত্রই জমা দিয়েছেন। বাবা-মা’র জাতীয় পরিচয়, জন্মনিবন্ধন সনদ ও স্থায়ী বাসিন্দা সনদসহ সব কাগজপত্র জমা দিয়েছেন। অফিসও কোনো ধরনের আপত্তি ছাড়াই সব গ্রহণ করেছে। তবে বিপত্তি দেখা দিয়েছে জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপিতে। জন্মস্থানের স্থলে ভিয়েতনাম দেখে বিস্মিত হয়েছেন নতুন ভোটার তালিকায় নাম লেখানো অনেকেই। এমন কাণ্ড ঘটেছে পাহাড়ি শহর রাঙ্গামাটিতে। কয়েকদিন ধরেই নতুন ভোটাররা জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড করে অবাক হয়েছেন। আর পুরো বিষয়টিকে অফিসিয়াল ত্রুটি বলছেন স্থানীয় নির্বাচন অফিস।

বিষয়টি নিশ্চিত করে নতুন ভোটার তাহরীমা আকতার জানান, এ বছর নতুন ভোটার হতে নির্বাচন কমিশনের সব শর্তানুয়ায়ী ডকুমেন্টস সাবমিট করি। কিন্তু কয়েকদিন আগে জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড করে দেখি জন্মস্থান এসেছে ভিয়েতনাম!

বিজ্ঞাপন

একই কথা জানিয়েছেন শিক্ষার্থী অপি সাহা। তিনি জানান, জুন মাসের দিকে ভোটার তালিকায় যুক্ত হতে আবেদন করি এবং কদিন আগে অনলাইন কপি ডাউনলোড করি। কিন্তু সেখানে দেখা যায় জাতীয় পরিচয়পত্রে সব তথ্য সঠিক থাকলেও জন্মস্থান এসেছে ভিয়েতনাম। দেখে বিস্মিত হই। আমি ছাড়াও আমার এক ছোট বোনের জাতীয় পরিচয়পত্রেও এমন এসেছে।

এদিকে নির্বাচন অফিসের এক কর্মকর্তা জানান, কেবল ভোটার নন, রাঙ্গামাটির সকলের আইডি কার্ডের অনলাইনে এটি হয়েছে। সফটওয়্যার জটিলতার কারণে এমনটা হয়ে থাকে, তবে এটি সহজেই সমাধান যোগ্য।

জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. শফিকুর রহমান জানান, এটি সফটওয়্যার জটিলতার কারণে হয়েছে। ভুক্তভোগী ও উপজেলা নির্বাচন অফিসার আমাদের জানানোর পর আমরা ঢাকায় নির্বাচন অফিসে যোগাযোগ করি এবং কমিশন সেটা একদিনের মধ্যেই সমাধান করে দেয়। এখন সব তথ্যই ঠিক আছে।

সারাবাংলা/একেএম