Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ জুলাই আয়ুর্বেদ ও ইউনানি দিবস ঘোষণার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২২ ২১:২৩ | আপডেট: ৫ জুলাই ২০২২ ২২:১৮

ঢাকা: ৫ জুলাই তারিখকে জাতীয় আয়ুর্বেদ ও ইউনানি দিবস ঘোষণা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আনিসুজ্জামান।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসাকে জাতীয়ভাবে স্বীকৃতি দিন। এটিই হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আয়ুর্বেদ ও ইউনানিকে সরকারি স্বীকৃতিদানের ধারাবাহিকতা। প্রধানমন্ত্রী এরই মধ্যে বলেছেন, তিনি আমাদের সঙ্গে।

মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে ড. আনিসুজ্জামান এসব কথা বলেন। দেশজ ও চিরায়ত চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসকদের জীবনমান উন্নয়নে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাচি’ এই মতবিনিময় সভা আয়োজন করে।

বিজ্ঞাপন

প্রাচি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রাচি’র কো-চেয়ারম্যান, আযুর্বেদ চিকিৎসক ও বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম অব মেডিসিনির বোর্ডসভার সদস্য আব্দুর রহমান। মূল বক্তব্য উপস্থাপন করেন প্রাচি’র শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক পরিচালক মোখলেছুর রহমান। মতবিনিময় সভা সঞ্চালনা করেন সাংবাদিক সজীব সাদিক।

সভায় বক্তারা বলেন, ৫ জুলাইকে জাতীয় আয়ুর্বেদ ও ইউনানি দিবস ঘোষণা এখন সময়ের দাবি। এছাড়া অনুপ্রাণ এবং সহপান সম্বলিত ওষুধ প্রস্তুত ও প্রয়োগের অধিকার প্রত্যেক আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসকের সহজাত অধিকার। এটি দেশের চিকিৎসাব্যবস্থাকেও উন্নত করতে ভূমিকা রাখবে। দেশের কোথাও যেন আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসকদের হয়রানি না করা হয়, সরকারের প্রতি এ দাবিও জানান বক্তারা।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম অব মেডিসিনির বোর্ডসভার সদস্য মোতালেব মতিন ও কামরুজ্জামান, ইউনানি চিকিৎসক এম এ করিম সিদ্দিকি ও কালাম পাটোয়ারী, নুর মজিদ আয়ুর্বেদ কলেজের অধ্যক্ষ মো. মামুন, ইউনানি চিকিৎসক রীতা মজুমদার। সভায় বিভিন্ন আয়ুর্বেদ ও ইউনানি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/টিআর