ঢাকা: গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘রণাঙ্গনে জিয়া’ নামে একটি চিত্রকর্ম স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) সকালে প্রয়াত নেতা খন্দকার আহাদ আহমেদের সহধর্মিণী শায়লা ইসলাম এই চিত্র কর্মটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জি-নাইনের সদস্য ডা. সাখাওয়াত হোসেন সায়ান্থ, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদ মামুনসহ অন্যরা।
ডা. সায়ান্থ জানান, প্রয়াত খন্দকার আহাদ একজন শিল্পীকে দিয়ে এই চিত্র কর্মটি তৈরি করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে গত বছরের ২১ মার্চ মারা যান খন্দকার আহাদ। চিত্রকর্মটি বিএনপির মহাসচিবের হাতে চিত্র কর্মটি তুলে দিয়ে প্রয়াত স্বামীর শেষ ইচ্ছা পূরণ করেন তার সহধর্মিণী শায়লা ইসলাম।
প্রয়াত খন্দকার আহাদ আহমেদ গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি, দলের পররাষ্ট্র বিষয়ক উপকমিটি ও ‘জি-নাইন’-এর সদস্য ছিলেন।