Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ভোজ্যতেল কারখানায় অভিযান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২২ ১৭:০১ | আপডেট: ১৩ মার্চ ২০২২ ১৯:১৫

চট্টগ্রাম ব্যুরো: ভোজ্যতেলের বাজারে অস্থিরতার মধ্যে চট্টগ্রামের এস আলম এডিবল অয়েল মিল অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। এসময় তারা কারখানা থেকে খোলা ও পামঅয়েল বিক্রি স্বাভাবিক পেলেও বোতলজাত সয়াবিন তেল বিক্রি বন্ধ পেয়েছেন। কারখানার কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য পরিশোধন যন্ত্র সাময়িক বন্ধ রাখায় আপাতত বোতলজাত সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে না।

রোববার (১৩ মার্চ) সকালে অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. ফয়েজুল্লাহর নেতৃত্বে একটি দল কর্ণফুলী উপজেলার মইজ্জার টেকে এস আলম এডিবল অয়েল মিলে অভিযানে যান।

বিজ্ঞাপন

অধিদফতরের চট্টগ্রামের সহকারি পরিচালক দিদার হোসেন সারাবাংলাকে জানিয়েছেন, কারখানা থেকে বোতলজাত সয়াবিন তেল বিক্রি বন্ধ দেখে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিষয়টি জানতে চান। কর্মকর্তারা জানান, নিয়মিত মেইনটেন্যান্স কাজের জন্য তিনদিন আগে রিফাইনিং মেশিন বন্ধ করা হয়েছে। সেটি চালু করতে আরও অন্তঃত এক সপ্তাহ লাগবে। তবে প্রতিদিন কারখানা থেকে ২৭৫ ট্রাক খোলা ও পামঅয়েল বিক্রি হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দিদার হোসেন বলেন, ‘তেল মজুদ করে রাখা হয়েছে কি না দেখেছি। মজুদ করা হয়নি। প্রতিদিন খোলা তেল ও পামঅয়েল বিক্রি হচ্ছে। কিন্তু রেগুলার মেইনটেন্যান্সের জন্য বোতলজাত তেল বিক্রি বন্ধ করে দিয়েছে তিনদিন আগে। এ অবস্থার মধ্যে সেটা বন্ধ করে রাখা সমীচীন নয়। আমরা তাদের দ্রুততার সাথে প্রয়োজন হলে আজকের (রোববার) মধ্যেই চালু করার নির্দেশনা দিয়েছি।’

এছাড়া কারখানায় পাঁচ লিটারের তেলের বোতলের মোড়কে ৮৩৫ টাকা দাম লেখা দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। কিন্তু সরকারিভাবে মূল্য নির্ধারিত আছে ৭৬৯ টাকা। বিষয়টি অধিদফতরের উর্দ্ধতন পর্যায়কে অবহিত করা হয়েছে বলে দিদার হোসেন জানিয়েছেন।

বোতলজাত তেল বিক্রি বন্ধ করে রাখার অভিযোগের বিষয়ে জানতে চাইলে কারখানার ব্যবস্থাপক রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘২০১৯ সাল থেকে গত প্রায় আড়াই বছর একনাগাড়ে মেশিন চালু ছিল। শুক্রবার, সরকারি বন্ধের দিন- কখনোই বন্ধ করা হয়নি। মেশিনের প্রোডাকশন কমে গেছে। সেজন্য তিনদিন আগে জরুরি মেইনটেন্যান্সের জন্য আমাদের মেশিন বন্ধ করতে হয়েছে। এটা আবার চালু হয়ে যাবে ২-৩ দিনের মধ্যে।’

সারাবাংলা/আরডি/এসএসএ