ঢাকা: রাজধানীর রামপুরায় পিকআপ ভ্যান এবং সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে রাজীব (৩৮) নামে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃতের বড় ভাই মো. নিজাম উদ্দিন জানান, তাদের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি গ্রামে। বাবার নাম আইয়ুব আলী। এক ছেলে দুই মেয়ে এবং স্ত্রী লাকি বেগমকে নিয়ে খিলগাঁও সিপাহীবাগ আইসক্রিম ফ্যাক্টরি গলিতে থাকতেন। অটোরিকশা ভাড়ায় চালাতেন তিনি।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে রাস্তায় একটি পিকআপভ্যান ইউটার্ন নিচ্ছিল। এমন সময় রামপুরা থেকে মালিবাগগামী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন সকালে তার মৃত্যু হয়।
এসআই আরও জানান, ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এবং এর চালককে আটক করা হয়েছে। রাজীবের মৃতদেহ কলেজ মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।