ঢাকা: রাজধানীর শান্তিনগর চামেলিবাগ এলাকায় একটি বাসার চার তালার ছাদ থেকে পড়ে মাকসুদা বেগম (৪৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগিনা মাহিম সরকার জানান, নিহতের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বালিনা গ্রামে। বর্তমানে শান্তিনগর চামেলিবাগেরর ওই বাসার চার তলায় ভাড়া থাকেন। তার খালু গোলাম মোস্তফা চামেলীবাগ এলাকায় কাচামালের ব্যবসা করেন।
মাহিম আরও জানান, তার খালা সকালে ছাদে গিয়েছিল গাছে পানি দিতে। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে থানা পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, চামেলীবাগের একটি বাসার ছাদ থেকে এক নারী পড়ে গেছে বলে খবর পেয়েছি। পরে ঘটনাস্থল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।
এসআই আরও জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অন্য কোনো ঘটনা আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।